ম্যাককালামকে বিদায়ী উপহার

বিদায়ী ম্যাচে দলের কাছ থেকে দারুণ উপহারই পেলেন ব্রেন্ডন ম্যাককালাম। ভালো অবস্থানে থেকেও ২৪৬ রানে গুটিয়ে যাওয়া নিউজিল্যান্ড শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছে ৫৫ রানে। এই জয়ে তিন ম্যাচের সিরিজও ২-১ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে জয়, জয় চ্যাপেল-হ্যাডলি ট্রফিও—বিদায় বেলায় এরচেয়ে ভালো আর কী হতে পারত ম্যাককালামের জন্য।
হ্যামিল্টনের সেডন পার্কে জেতাটা নিউজিল্যান্ডের জন্য কঠিনই ছিল। ২৪৭ রানের লক্ষ্যমাত্রা অস্ট্রেলিয়ার জন্য কঠিন কিছু ছিল না। কিন্তু কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিং শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে লক্ষ্যমাত্রা থেকে দূরেই থামিয়ে দিয়েছে। সবচেয়ে সফল বোলার ম্যাট হেনরি—৬০ রানে নিয়েছেন ৩ উইকেট। কোরি অ্যান্ডারসন কিংবা ইশ সোধিরাও দলের জয়ে ভূমিকা রেখেছেন প্রয়োজনের সময় উইকেট নিয়ে। দুজনেই নিয়েছেন ২টি করে উইকেট।
উদ্বোধনী জুটিতে উসমান খাজা আর ডেভিড ওয়ার্নার তুলে ফেলেছিলেন ৩৯ রান। ওয়ার্নার প্রথমে আউট হন ১৪ রানে। ব্যক্তিগত ৪৪ রান করে দলের ৭৫ রানে খাজা। ব্যাটসম্যানদের নিয়মিত বিরতিতে আসা-যাওয়াটা শুরু হয় এর পর থেকেই। উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক স্টিভেন স্মিথও (২১)। জর্জ বেইলির ৩৩ আর মিচেল মার্শের ৪১ রান অস্ট্রেলিয়ার জন্য আশা জাগিয়েছিল। কিন্তু সময়মতো এই দুই ব্যাটসম্যানকে আউট করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণেই রাখে নিউজিল্যান্ড। ৪৩.৪ ওভারেই ১৯১ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
এই জয়ে ২০০৭ সালের পর এই প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারালো নিউজিল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ী পান্ডুলিপিটা এরচেয়ে ভালো আর কী হতে পারত! সূত্র: এএফপি।