শেষ টেস্টের আবেগ সামলাতে না পেরে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন স্যার ডন ব্র্যাডম্যান, আর আপনি কিনা শেষ টেস্টে বিশ্ব রেকর্ড করে ফেললেন! আপনার কি আবেগ-টাবেগ নেই?
প্রশ্নটা শুনে ব্রেন্ডন ম্যাককালাম হাসেন। মুখচ্ছবির মতো তাঁর হাসিটাও খুব নিষ্পাপ।
মুখে হাসিটা ধরে রেখেই বলেন, ‘আমার শেষ ইনিংসটাও তো ভালো হয়নি। মাত্র ২৫।’
কথা সত্যি। তবে সেটি তো দ্বিতীয় ইনিংস। শেষটাকে রাঙিয়ে দেওয়ার কাজটা তো ম্যাককালাম প্রথম দিনেই করে ফেলেছেন।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের সবুজ উইকেট। যাতে ফণা তুলছে অস্ট্রেলিয়ান পেসারদের বল। প্রতিপক্ষ খেলোয়াড়দের গার্ড অব অনার নিয়ে ম্যাককালাম যখন নামছেন, স্কোরবোর্ডে ৩ উইকেটে ৩২। একটু তো দেখেশুনে খেলাই উচিত। তাহলে আর তিনি ম্যাককালাম কেন!
পা বাড়িয়ে দ্বিতীয় বলটাতেই চালিয়ে দিলেন। ঠিকমতো লাগেনি। তারপরও স্লিপ কর্ডনের ওপর দিয়ে চার। দুই বল পর বোলার মিচেল মার্শের মাথার ওপর দিয়ে ছক্কা। অ্যাডাম গিলক্রিস্টকে গা থেকে ঝেড়ে ফেলার কাজটাও হয়ে গেল ওতে। এই টেস্টের আগে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে গিলক্রিস্ট ও ম্যাককালামের যুগলবন্দী। দুজনেরই ঠিক ১০০টি ছক্কা। পাঁচ বলের মধ্যেই ম্যাককালাম ১০১।
১০১ আর ১০২–এর মাঝখানে তিন বল। ১০২ নম্বর ছক্কার আগের দুই বলে আবার চার। মিচেল মার্শের ওই ওভার থেকেই এল ২১ রান। হ্যাঁ ভাই, এটা টেস্ট ম্যাচই ছিল।
উইকেটে ছিলেন ঘণ্টা দুয়েক। প্যাটিনসনের বলে আউট হওয়ার সময় নামের পাশে ৭৯ বলে ১৪৫। এসব অবশ্য অনেক সময় মনেই থাকে না। ওই ইনিংসের আসল মাহাত্ম্য তো লেখা হয়ে গেছে আরও আগেই। যখন ইনিংসের ১৬তম চারটি মেরেছেন ম্যাককালাম। ওই চারেই টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বলে তিন অঙ্ক ছোঁয়ার বিশ্ব রেকর্ড। সেটি ছয় বছর আগে আজকের এই দিনেই।
যে রেকর্ডটা আগে ছিল ভিভ রিচার্ডসের। ৫৬ বলের সেই রেকর্ড অক্ষয় হয়ে ছিল প্রায় সাড়ে ২৮ বছর। অ্যাডাম গিলক্রিস্ট তা ভাঙতে ভাঙতেও শেষ পর্যন্ত পারেননি। ভিভের পাশে বসার সান্ত্বনাটুকুও জোটেনি তাঁর। যা জুটেছিল মিসবাহ–উল–হকের।
মিসবাহর ঘটনা অবশ্য মার্ক টেলরের মতো নিজের ইচ্ছায় ঘটেনি। ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ার টেস্টে ৩৩৪ রানে অপরাজিত থাকা অবস্থায় ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেলর। স্যার ডন ব্র্যাডম্যানের সর্বোচ্চ স্কোরও ৩৩৪। ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাওয়ার চেয়ে তাঁর পাশে থাকাটাই বেশি গৌরবের মনে হয়েছিল টেলরের। ভিভ রিচার্ডসের সঙ্গে উচ্চারিত হবে তাঁর নাম—এটি ভেবে মিসবাহর রেকর্ড ভাঙতে না পারার দুঃখেও হয়তো একটু হলেও সান্ত্বনার প্রলেপ পড়েছে।
ব্রেন্ডন ম্যাককালামকে ওসব খুঁজতে হয়নি।
রিচার্ডস–মিসবাহর রেকর্ড ভেঙে দেওয়ার পর তাঁর চাওয়া ছিল হয়তো একটাই—জয় দিয়ে ক্যারিয়ারটা শেষ করা। তা হয়নি। হয়নি বলেই হয়তো রেকর্ডের কথা তোলায় দ্বিতীয় ইনিংসের কথা মনে করিয়ে দেওয়া।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে তাঁর ১৫৮ এখনো বিস্ময়ের আরেক নাম হয়ে আছে। যেটি নিয়ে কথা বলতে গিয়ে আশ্চর্য একটা অভিজ্ঞতা হয়েছিল। অভিজ্ঞতাটা আসলে ম্যাককালামের। শুনে আমিও একই রকম আশ্চর্য, এটাই বোঝালাম আরকি! সেই ইনিংসটার কিছুই নাকি মনে করতে পারেন না ম্যাককালাম। ফর্ম খারাপ যাচ্ছিল, প্র্যাকটিসেও ব্যাট–বলের আওয়াজটা বেসুরো বাজছিল...এরপর এমন এক ইনিংসে দর্শকের চেয়ে ম্যাককালামই সম্ভবত বেশি অবাক হয়েছিলেন। কেমন যেন একটা ঘোরের মধ্যে খেলা সেই ইনিংসের ভিডিও দেখলে ম্যাককালামের মনে হয়, অন্য কারও ব্যাটিং দেখছেন!
টেস্টে দ্রুততম শতকেরও কি একই অভিজ্ঞতা? না, এখানে ঘটনা অন্য রকম। বিদায়ী টেস্টের আগে একটাই মন্ত্র জপ করছিলেন ম্যাককালাম, যা আসলে ক্যারিয়ারের শেষ দুই–তিন বছরে তাঁর ক্রিকেটের ‘থিম সং’–ই হয়ে গিয়েছিল: ‘হ্যাভ ফান’। সবুজ উইকেট, ৩২ রানে ৩ উইকেট, অস্ট্রেলিয়ানদের বোলিং...এসবের কিছুই তাই কোনো ব্যাপার হতে পারেনি। ম্যাককালাম উপভোগ করতে নেমেছিলেন, উপভোগ করেছেন। বোলারদের অভিজ্ঞতাটা যে ছিল পুরো বিপরীত, সেটি মনে হয় না বললেও চলছে।
২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সময় কার্ডিফে ম্যাককালামের কথা শুনে মনে পড়ছিল ব্যাঙভর্তি পুকুরে বালকদের ঢিল ছোড়ার সেই গল্পের কথা। বৃদ্ধ এক ব্যাঙের প্রশ্নের জবাবে বালকেরা বলেছিল, ‘আমরা তো খেলছি।’ জবাবে বৃদ্ধ ব্যাঙ বলেছিল, ‘তোমাদের জন্য যা খেলা, আমাদের জন্য তা মৃত্যু।’
সেদিন ম্যাককালামের জন্য যা ছিল ‘ফান’, অস্ট্রেলিয়ান বোলারদের জন্য তা কী ছিল, সেটি তো অনুমান করতেই পারছেন। এর মধ্যেও জেমস প্যাটিনসন একটু বেশিই পুড়েছেন। ৩৯ রানে ম্যাককালাম ক্যাচ দিয়েছিলেন তাঁর বলেই। গালিতে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন মিচেল মার্শ। কিছুক্ষণ আগেই যাঁর ১ ওভার থেকে ২১ রান নিয়েছেন ম্যাককালাম। কিন্তু আনন্দে মেতে উঠতে না উঠতেই দেখেন আম্পায়ারের প্রসারিত হাত। শেষ পর্যন্ত প্যাটিনসন যখন ম্যাককালামের উইকেটটি পেলেন, তখন আর তাঁর আনন্দ করার মতো অবস্থা নয়। বরং অনুভূতি যেটা হয়েছে, সেটাকে বলে ‘হাঁপ ছেড়ে বাঁচা’!
—ওই বলটা ‘নো’ করার জন্য প্যাটিনসনকে তো আপনার ডিনার করানো উচিত ছিল। করিয়েছিলেন?
ম্যাককালাম আবার হাসেন। হাসতে হাসতেই বলেন, ‘ইনভাইট করলেও ও আসত বলে মনে হয় না।’