ম্যাককালামের বিদায়ী সিরিজে চাপে স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেন্ডন ম্যাককালাম
ব্রেন্ডন ম্যাককালাম

১০০ ওয়ানডেতে ৫টি সেঞ্চুরি ব্রেন্ডন ম্যাককালামের, টেস্টে ১১টি। এ আর এমন কী—কতজনেরই তো এর চেয়ে ঢের বেশি সেঞ্চুরি আছে ক্যারিয়ারে। তবে ওয়েলিংটনে আগামীকাল খেলতে নামলেই কিউই অধিনায়ক এমন একটা ‘সেঞ্চুরি’ করে ফেলবেন, যা আগে কেউ কখনো করতে পারেননি। তাঁর ক্যারিয়ারের শততম টেস্ট হবে এটি। ইতিহাসের এই প্রথম কোনো খেলোয়াড় অভিষেকের পর টানা ১০০ টেস্ট খেলতে যাচ্ছেন!

মুখোমুখি দুটি দল। পাশাপাশি দুটি ছবি। ছবিতে মূল চরিত্রও দুই দলের দুই অধিনায়ক। কিন্তু বিশাল বৈপরীত্য ছবি দুটিতে!
একটি ছবিতে ব্রেন্ডন ম্যাককালাম, যেখানে ক্যারিয়ারের বিদায়ী টেস্ট সিরিজ খেলতে যাওয়া অধিনায়ককে ঘিরে আবেগাপ্লুত তাঁর সতীর্থরা। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ জিতে ‘বাজকে’ তাঁরা উপহার দিয়েছেন চ্যাপেল-হ্যাডলি ট্রফি। এবার ট্রান্স-তাসমান সিরিজের ট্রফিটাও অধিনায়কের হাতে তুলে দিতে পারলে তবেই না বিদায়ী উপহারের ষোলোকলা পূর্ণ হয়! কিউইরা তাই উজ্জীবিত।
অন্য ছবিতে স্টিভেন স্মিথ। দিন পনেরো আগেই দলকে নেতৃত্ব দিয়েছেন ভারতের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে। কিন্তু সেই দলটাই ভারতের কাছে টি-টোয়েন্টি ও নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারার পর হঠাৎ সব চাপ এসে পড়ল স্মিথের কাঁধে! সিডনি মর্নিং হেরাল্ড-এর শিরোনাম, ‘স্মিথের মধুচন্দ্রিমা শেষ।’ ভেতরে লেখা হয়েছে, ‘অধিনায়কত্ব পাওয়ার পর এই প্রথম স্মিথ নিজে রান পাচ্ছেন না, জিতছে না তাঁর দল!’

এই বৈপরীত্য নিয়েই ওয়েলিংটনে কাল শুরু হচ্ছে ট্রান্স-তাসমান সিরিজের প্রথম টেস্ট। যেটি দিয়েই রেকর্ড বইয়ে এক অন্য উচ্চতায় নিজের নাম লেখাতে যাচ্ছেন ম্যাককালাম। তাঁর ক্যারিয়ারের শততম টেস্ট এটি। টেস্ট ইতিহাসের এই প্রথম কোনো খেলোয়াড় অভিষেকের পর টানা ১০০ টেস্ট খেলতে যাচ্ছেন! বিদায়টা আরও রাঙিয়ে তুলতে আর কী চাই! বেসিন রিজার্ভে প্রথম দিনের সব টিকিট তো আর এমনি এমনি বিক্রি হয়ে যায়নি।
নিউজিল্যান্ডের যেমন ম্যাককালামকে দারুণ একটা বিদায় দেওয়ার প্রেরণা আছে, তেমনি একটা প্রেরণা আছে অস্ট্রেলিয়ারও। দুই ম্যাচের এই সিরিজটা জিতলেই ভারতকে সরিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে যাবে স্টিভেন স্মিথের দল। তবে তাদের সেই লক্ষ্যটা কঠিন দুটি কারণে। প্রথমত, এই অস্ট্রেলীয় দলটির নিউজিল্যান্ডের মাঠে টেস্ট খেলার অনভিজ্ঞতা। নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া সর্বশেষ খেলেছে ২০১০ সালের মার্চে। এই দলটির শুধু স্মিথই ছিলেন ওই সফরে, তবে কোনো টেস্ট খেলেননি। বাকি সবার তো এটাই নিউজিল্যান্ডে প্রথম টেস্ট সফর!
এ কারণেই সিরিজে নিজেদের কিছুটা এগিয়ে রাখছেন কিউই পেসার টিম সাউদি, ‘মনে হয় না খুব সম্প্রতি এমন কোনো দল নিউজিল্যান্ড সফর করেছে যাদের এখানে টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল না। আমরা এ সুযোগটা নেওয়ার চেষ্টা করব।’
অন্য কারণটা হচ্ছে, খুব দ্রুত খেলার ধরন বদলানো। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটা শেষ হয়েছে দুই সপ্তাহও হয়নি। এরই মধ্যে ধোনির দলের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছে অস্ট্রেলিয়া, কিউদের বিপক্ষে খেলেছে ওয়ানডে সিরিজ। এবার খেলবে টেস্ট। ১৩ দিনের মধ্যে তিন রকম ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়া তো কিছুটা কঠিনই।
ম্যাককালামের বিদায়-উৎসব ‘ভন্ডুল’ করা কিংবা নিজেদের টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার লক্ষ্য পূরণ করতে চাইলে এই দুটি চ্যালেঞ্জেই জয়ী হতে হবে অস্ট্রেলিয়াকে। ক্রিকইনফো।