ম্যাককালামের 'ভয়ংকর চার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেন্ডন ম্যাককালাম
ব্রেন্ডন ম্যাককালাম

২০০৭ সালের শেষ দিনে সাতসকালে টিভি খুলে বাংলাদেশের ম্যাচ দেখতে বসে অবাক হয়েছিলেন অনেকেই। একি ম্যাচ গেল কোথায়? একটু পরেই জানা গেল বহু আগেই ১০ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ৯৪ রানের লক্ষ্য কিউইরা পেরিয়ে যায় ৬ ওভারেই! ২৮ বলে ৮০ রান করা ব্রেন্ডন ম্যাককালামের বেধড়ক পিটুনির শিকার বাংলাদেশি বোলারদের কাছে সম্ভবত সেই ম্যাচটি এখনো হানা দেয় দুঃস্বপ্নে।
ক্যারিয়ার-জুড়েই প্রতিপক্ষ দলের বোলারদের এমন দুঃস্বপ্ন উপহার দিয়েছেন গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া এই ওপেনার। নিজের সময়ের অন্যতম বিধ্বংসী এই ব্যাটসম্যানকে জিজ্ঞেস করা হয়েছিল কোন কোন বোলারের বল খেলতে সবচেয়ে কষ্ট হয়েছে তাঁর। জবাবে অনুমিতভাবেই প্রথমেই বলেছেন মুত্তিয়া মুরালিধরনের নাম। মুরালিধরনের বলে তিন সংস্করণে ২৩ ম্যাচে ৯ বার আউট হয়েছেন তিনি। শ্রীলঙ্কান স্পিন-জাদুকরকে নিয়ে তাঁর সরল স্বীকারোক্তি, ‘আমার কাছে মুরালিধরনের মুখোমুখি হওয়াটাই সবচেয়ে কঠিন মনে হয়েছে। কারণ, আপনি তো আন্দাজই করতে পারেন না বল কোন দিকে ঘুরবে।’

মুরালিধরন , ব্রেট লি,মিচেল স্টার্ক, ও ব্র্যাড হগ
মুরালিধরন , ব্রেট লি,মিচেল স্টার্ক, ও ব্র্যাড হগ


এরপরেই এসেছে ফাস্ট বোলারদের নাম। দুজনই তাসমান প্রতিবেশী। প্রথমেই বেছে নিয়েছেন ব্রেট লিকে। এই সোনালি চুলো ফাস্ট বোলারই নাকি তাঁকে সবচেয়ে বিপদে ফেলতেন। মুখোমুখি ২৪ ম্যাচে ৬ বার লির শিকার হওয়া ম্যাককালাম বলেছেন, ‘ব্রেট লি যখন তাঁর সেরা সময়ে ছিল, তখন তাঁকে খেলা কঠিন ছিল। সে ছিল খুবই দ্রুত, তাই না?’
পেস বোলারদের গতিই যে তাঁর অস্বস্তির কারণ ছিল পরবর্তী নামটি বলে বুঝিয়ে দিয়েছেন সেটিও। পুরো ক্যারিয়ারে বিখ্যাত বোলারদের খেলার পরও বেছে নিয়েছেন মিচেল স্টার্ককে, ‘ইদানীং স্টার্ক যেভাবে বল করছে তাকেও রাখতে হবে।’ টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ম্যাককালাম ৭ ম্যাচে ৩ বার আউট হয়েছেন স্টার্কের বলে।
তবে নিজের খেলা সবচেয়ে কঠিন বোলারদের বাছতে গিয়ে আরেকজনের নাম বলেছেন। সেটি ছিল চমক জাগানো—ব্র্যাড হগ! চায়নাম্যান এই বোলারের হাতে আউট হয়েছেন মাত্র ৪ বার। তারপরও অস্ট্রেলিয়ান এই স্পিনারের প্রশস্তি গেয়েছেন ম্যাককালাম, ‘হগকে খেলাও কঠিন মনে হতো। কারণ তার বোলিং অ্যাকশনটি অদ্ভুত। সে বলও ঘোরাতে পারত দুই দিকে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।