ম্যাকগিলের বিকল্প ভাবছে বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিন কোচ হিসেবে বিসিবির প্রথম পছন্দ স্টুয়ার্ট ম্যাকগিল। বোর্ড সভাপতি নাজমুল হাসান আশাবাদী ছিলেন, অস্ট্রেলিয়ার সাবেক এই লেগ স্পিনার চলে আসবেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগেই। কিন্তু কাল জানা গেল, আপাতত ম্যাকগিলের আসার সম্ভাবনা নেই। বিকল্প হিসেবে আগামী দু-এক দিনের মধ্যে উপমহাদেশের কোনো দেশ থেকেই আসতে পারেন আপৎকালীন স্পিন কোচ।

ম্যাকগিলের বিকল্প হিসেবে কে আসছেন, সেটি জানাতে রাজি না হলেও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী কাল মুঠোফোনে বলেছেন, ‘ম্যাকগিল এখনো আমাদের প্রথম পছন্দ। তাঁর সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তিনি আসার নির্দিষ্ট দিন-তারিখ জানাতে পারছেন না। তবে অস্ট্রেলিয়া সিরিজের আগে আমরা আশপাশের কোনো দেশ থেকে আপৎকালীন একজন স্পিন কোচ আনার চেষ্টা করছি।’

প্রাথমিকভাবে ম্যাকগিলের সঙ্গে তিন মাসের চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। এই অস্ট্রেলিয়ান ছাড়া বিসিবির পছন্দের তালিকায় ছিলেন ভারতের সুনীল যোশি ও শ্রীধরন শ্রীরাম এবং দক্ষিণ আফ্রিকার পল অ্যাডামস। শ্রীধরন শ্রীরাম অস্ট্রেলিয়ার স্পিন কোচের দায়িত্বে ছিলেন বলে তাঁর সঙ্গে আলোচনা এগোয়নি বলে জানা গেছে। সে ক্ষেত্রে সম্ভাব্য তালিকা থেকে কেউ এলে সুনীল যোশির আসার সম্ভাবনাই বেশি।

তবে আপৎকালীন স্পিন কোচ সম্ভাব্য কোচের তালিকার বাইরে থেকে এলেও অবাক হওয়ার কিছু থাকবে না। একটি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার এক স্পিন কোচের সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছে বিসিবির। এসিসির সভা উপলক্ষে বিসিবির প্রধান নির্বাহী সম্প্রতি ঘুরে এসেছেন সে দেশে। এ নিয়ে তিনি কোনো মন্তব্য না করলেও বাংলাদেশ দলের কোচিং স্টাফে আরও একজন শ্রীলঙ্কানের যোগ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এইচপির পেস বোলিং কোচ হিসেবে ১৭ আগস্ট ঢাকায় আসার কথা চম্পকা রমানায়েকের। কলম্বো থেকে আপৎকালীন স্পিন কোচ সঙ্গী হতে পারেন তাঁরও।