ম্যাকগ্রাই বলছেন হ্যাজলউড!
জশ হ্যাজলউডের ক্যারিয়ারটাই যেন ম্যাকগ্রাময়! বছর চারেক আগে অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন ক্যাপটা তাঁকে পরিয়ে দিয়েছিলেন কিংবদন্তি পেসার। নিখুঁত বোলিং অ্যাকশনেও ম্যাকগ্রা-হ্যাজলউডে মিল পান অনেকে। তাহলে তো ক্যারিয়ার শেষে হ্যাজলউডের অর্জনেও সামঞ্জস্য থাকবে ম্যাকগ্রার সঙ্গে!
টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি ম্যাকগ্রা (১২৪ টেস্টে ৫৬৩টি), পেসারদের মধ্যে সবচেয়ে বেশি। এমন কিছু করাটা হ্যাজলউডের জন্য স্বপ্ন ছোঁয়ার মতোই হবে। তবে স্বপ্নযাত্রায় তাঁকে ভরসা দিচ্ছেন স্বয়ং ম্যাকগ্রাই। ৪৬ বছর বয়সী অস্ট্রেলিয়ানের আশা, যদি কেউ তাঁকে ছুঁতে বা পেরিয়ে যেতে পারেন, তবে সেটি হ্যাজলউডই হওয়ার সম্ভাবনা বেশি।
ক্রিকেট অস্ট্রেলিয়াকে ম্যাকগ্রা বলেছেন, ‘রেকর্ড হয়ই ভাঙার জন্য। ও যদি আমার মতো ১০০ টেস্ট খেলে, ৫৬০-এর কাছাকাছি উইকেট পায়, তাহলে বলা যাবে ও খুব ভালোই খেলেছে। তরুণদের মধ্যে ও-ই একমাত্র এমন করার মতো, এখান থেকে কতটুকু যেতে পারবে, সেটি ওর ওপরই নির্ভর করবে।’
তবে এরই মধ্যে একটা মাইলফলক ছুঁয়েছেন আগামী ৮ জানুয়ারি ২৬-এ পা দিতে যাওয়া হ্যাজলউড। চলতি মেলবোর্ন টেস্টে পাকিস্তানের ওয়াহাব রিয়াজের উইকেটটি ছিল তাঁর টেস্ট ক্যারিয়ারের ১০০তম। অস্ট্রেলিয়াতেই এই মাইলফলক ছুঁয়েছেন ৩৮ জন। তবে হ্যাজলউড এঁদের মধ্যেও একটু অন্য রকম, এর আগে মাত্র তিন অস্ট্রেলিয়ান ২৫ বছর বা তার কম বয়সে ছুঁতে পেরেছিলেন উইকেটের শতক—ফাস্ট বোলার গ্রাহাম ম্যাকেঞ্জি (২৩ বছরে), স্পিনার শেন ওয়ার্ন (২৪) ও ফাস্ট বোলার ক্রেইগ ম্যাকডারমট (২৫)। ক্রিকেট অস্ট্রেলিয়া।