ম্যাকগ্রার পক্ষপাতিত্ব এখন ইংল্যান্ডের দিকে
খেলার মাঠে ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার ‘শত্রুতা’ দীর্ঘদিনের। তবে এবার বাস্তবতা বিবেচনায় চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকেই ফেবারিট মানতে বাধ্য হচ্ছেন কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা।

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ৪টি বিশ্বকাপ খেলেছেন, ৩৯ ম্যাচে নিয়েছেন ৭১টি উইকেট। ছিলেন তিনটি বিশ্বকাপজয়ী দলের অবিচ্ছেদ্য অংশ। গ্লেন ম্যাকগ্রা তাই যখন বিশ্বকাপ নিয়ে কথা বলেন, সেটির আলাদা গুরুত্ব থাকেই। তিনি জানিয়েছেন তাঁর ফেবারিট দলের নাম। কী আশ্চর্য! এবার তাঁর পক্ষপাতিত্ব ইংল্যান্ডের দিকে!
নিজে যখন খেলেছেন, তখন ইংল্যান্ডকে হেসেখেলে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে ম্যাকগ্রা স্বীকার করছেন, এই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্রিকইনফোর সঙ্গে সাক্ষাৎকারে ইংল্যান্ডের প্রশংসাও করেছেন প্রাণ খুলেই, ‘এই ইংল্যান্ড দলটা ওয়ানডেতে খুবই ভালো। আমার চোখে এই বিশ্বকাপে তারাই ফেবারিট। আমার মনে হয় তারা বিশ্বকাপে ভালো করবে।’
ক্যারিয়ারজুড়ে ইংলিশদের ‘অমঙ্গল’ চেয়ে আসা ম্যাকগ্রা কি ক্যারিয়ারে এই প্রথমবার কোনো টুর্নামেন্টের জন্য ইংল্যান্ডকে ফেবারিট হিসেবে বেছে নিলেন? প্রশ্নের উত্তরটা মজার ছলেই দিয়েছেন এই কিংবদন্তি, ‘খুব সম্ভবত এই প্রথমবার ইংল্যান্ডকে ফেবারিট বলছি। তবে উপায় কী, সারা জীবন তো আর পক্ষপাতিত্ব করে যেতে পারি না!’
এরপর যুক্তি দিয়েই বুঝিয়েছেন, কেন ইংল্যান্ডকে ফেবারিট মানছেন তিনি, ‘আপনাকে বর্তমান ফর্ম বিবেচনায় নিতে হবে। এই ইংল্যান্ড দলের খেলার ধরন আমার পছন্দ হয়েছে। সাম্প্রতিক সময়ে তারা কতগুলো বিশাল স্কোর করেছে। বেশির ভাগ দলই শুরুর আর শেষের ১৫ ওভার মেরে খেলে, আর মাঝের ওভারগুলোতে একটু ধীরগতিতে খেলে। কিন্তু ইংল্যান্ড পুরো ৫০ ওভারই মেরে খেলছে। আমার চোখে তাই ইংল্যান্ডকেই ফেবারিট মনে হচ্ছে।’
তবে তাই বলে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগেই ইংল্যান্ডের হাতে শিরোপা তুলে দিচ্ছেন না ম্যাকগ্রা। ভারতসহ নিজ দেশ অস্ট্রেলিয়ারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনাও দেখছেন তিনি, ‘ফেবারিট বলেছি, কিন্তু তাই বলে এটা না যে ইংল্যান্ড বিশ্বকাপ জিতবেই! নিজেদের কন্ডিশনে ইংল্যান্ডকে হারানো কঠিন হবে, কিন্তু বাকি দলগুলোরও ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। ইংল্যান্ড ও ভারত আমার কাছে সেরা দুই দল, অস্ট্রেলিয়াও ভালো করছে। দক্ষিণ আফ্রিকা তো বরাবরই ভালো দল। ওয়েস্ট ইন্ডিজকে আমি বলব ডার্ক হর্স। হয় তারা খুব ভালো খেলবে, আর না হলে খুব খারাপ। এদিক থেকে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের বেশ মিল আছে। এই বিশ্বকাপটা তাই দারুণ আকর্ষণীয় হতে চলেছে।’
ক্রিকেট বিশ্বকাপ যত কাছে এসেছে, অস্ট্রেলিয়াও ধীরে ধীরে ফিরেছে চিরচেনা রূপে। ভারতে গিয়ে পিছিয়ে পড়েও সিরিজ জিতেছে, আমিরাতে গিয়ে পাকিস্তানকে ধবলধোলাই করেছে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকেও হারিয়েছে ১২ রানে। সবচেয়ে বড় কথা, নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার ফিরছেন নিজেদের চেনা ছন্দে। স্মিথ তো প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরিই করলেন। ম্যাকগ্রা তাই অস্ট্রেলিয়াকে নিয়েও ভীষণ আশাবাদী, ‘আমি অস্ট্রেলিয়াকে নিয়ে কিছুটা সন্দিহান ছিলাম। কিন্তু ওদের সাম্প্রতিক ফর্ম আমাকে ভীষণ সন্তুষ্ট করেছে। বিরুদ্ধ কন্ডিশনে গিয়েও তারা খুব ভালো পারফর্ম করেছে। ইংল্যান্ড ও ভারতকে হারানো কঠিন হবে। কিন্তু অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিয়েই বলছি, আমার মনে হয় অস্ট্রেলিয়া ফাইনাল খেলতে পারে।’