ম্যাকলেনাহানের সিরিজ শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেন্ডন ম্যাককালাম, টিম সাউদি, রস টেলরের পর এবার মিচেল ম্যাকলেনাহান। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে চোটের কারণে ছিটকে গেলেন আরও এক নিউজিল্যান্ড ক্রিকেটার।
ম্যাকলেনাহান চোট পেয়েছেন কাল ওয়েলিংটনের বেসিন রিজার্ভে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। ব্যাটিং করার সময় আনোয়ার আলীর বাউন্সার এসে হেলমেটের ফাঁকা জায়গা দিয়ে লাগে তাঁর বাঁ চোখের ওপরে। ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালেও নেওয়া হয়। অবশ্য এর কিছুক্ষণ পরেই ম্যাকলেনাহান টুইট করেছেন, ‘সবাইকে ধন্যবাদ। বেশি কিছু হয়নি, শুধু কয়েকটা হাড় ভেঙেছে।’
নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে বলা হয়েছে, ছোট একটা অস্ত্রোপচারের জন্য ম্যাকলেনাহানকে চিকিৎসকের ছুরির নিচে যেতে হবে। ফলে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি খেলতে পারবেন না তিনি। সংশয় থাকছে তৃতীয় ওয়ানডেতে খেলা নিয়েও। এএফপি।