ম্যাকেঞ্জিকে স্টার্কের তোপ
খুব বেশি দিন আগের কথা তো নয়। মিচেল স্টার্ক যে একের পর এক গোলা ছুড়ে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছেড়েছিলেন, সেটা তো মাত্র গত বছর নভেম্বরের কথা। ওই সিরিজেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১৬০.৪ কিলোমিটার গতির বলটা করেছিলেন স্টার্ক। নিল ম্যাকেঞ্জি কি সিরিজটা দেখেননি, নাকি স্পিডগান নামের যন্ত্রটায় তাঁর আস্থা নেই? নইলে কী করে বলেন যে অস্ট্রেলিয়া দলে ভয় ধরানোর মতো কোনো ফাস্ট বোলার নেই!
হতে পারে এটাও একটা কৌশল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হওয়ার আগেই প্রতিপক্ষকে কথার তিরে ঘায়েল করে দিতে চাইছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ও প্রোটিয়াদের বর্তমান ব্যাটিং কোচ। সেটাই যদি হয়ে থাকে তবে এর জবাবটাও ম্যাকেঞ্জি পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে। এত বেশি কথা বলা বাদ দিয়ে তাঁকে এসে সেসব গোলার মুখোমুখি হতে চ্যালেঞ্জ করেছেন স্টার্ক।
গত সেপ্টেম্বরে অনুশীলনে চোট পেয়ে বাঁ পায়ে ৩০টি সেলাই লেগেছিল স্টার্কের। ক্ষত এখনো সারেনি। তবে শেফিল্ড শিল্ডের ম্যাচে খেলেছেন গত সপ্তাহে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগেই পুরো ফিট হয়ে যাবেন বলেও আশা করছেন। এরই মধ্যে ম্যাকেঞ্জির কথা শুনে রীতিমতো খেপে গেছেন স্টার্ক। এ সময়ের দ্রুততম বোলারের হয়তো আঁতে ঘা-ও লেগেছে কিছুটা। নইলে কি আর ম্যাকেঞ্জিকে উদ্দেশ করে বলেন, ‘টেবিলে ডেস্কের পেছনে বসে এসব কথা বলা খুব সোজা। ও এসে আমার মুখোমুখি হলে আমি খুব খুশি হব। অবশ্য ওর যেকোনো মত প্রকাশেরই অধিকার আছে। তবে নিজের যখন কোনো কিছুর মুখোমুখি হতে হয় না, তখন এসব কথা বলাই যায়। ও তো তার ব্যাটসম্যানদের পাঠিয়ে দেবে আমার মুখোমুখি হতে আর নিজে চেয়ারে বসে শুধু দেখবে।’
ভয় ধরানোর মতো ফাস্ট বোলার অস্ট্রেলিয়া দলে আছে কি না, সেটা ম্যাকেঞ্জিকে এই সিরিজেই দেখিয়ে দিতে চান স্টার্ক, ‘আমরা সব ফাস্ট বোলার মিলে চেষ্টা করব তাদের দিশেহারা করে দিতে। আমি চাইব যত দ্রুত পারি বল করতে। ওদের স্টেইন আর রাবাদা আছে বলেই এমন না যে আমাদের কেউ নেই।’
দেখা যাক ম্যাকেঞ্জি এখন কী জবাব দেন! ক্রিকইনফো।