ত্রিদেশীয় সিরিজে ফাইনালের অলরাউন্ড পারফরম্যান্স তাঁকে বানিয়েছিল ম্যাচসেরা। তবে ব্যাটিংয়ে নড়বড়ে নব্বইয়েই যেন আটকে যাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। সেদিন শর্ট বলে এই ভিক্টোরিয়ান ব্যাটসম্যানের ওইভাবে আউট হওয়ার ধরন দেখে একটু হতাশই হয়েছেন ডেভিড ওয়ার্নার, ‘তাকে রান করতে দেখাটা আনন্দের। কিন্তু আমাদের হাতে আরও ৯ ওভার ছিল, তখনই সে ওই শটটা খেলল।’ বিশ্বকাপে ম্যাক্সওয়েলকে আরেকটু স্থিতধী হতে বলেছেন তাঁর অস্ট্রেলিয়ান সতীর্থ, ‘তাকে বলার মতো খুব বেশি কিছু নেই। শুধু এটাই বলব, ইনিংসের আগের অংশে তুমি কীভাবে খেলেছ, সেই ভিডিওগুলো আরেকবার দেখো।’ তবে ম্যাক্সওয়েল যে শিখছেন, সেটাও বিলক্ষণ জানেন ওয়ার্নার, ‘সে এই ব্যাপারটা শিখতে শুরু করেছে। একটা বড় ওভার পেয়ে গেলে আপনি অপেক্ষা করতে পারেন। আর তার কাছে এটা শিক্ষার ভালো একটি ধাপ। টি-টোয়েন্টিতে সে কীভাবে ম্যাচ বের করে নিয়ে যেতে পারে, আমরা তো আগেও দেখেছি।’ এখন ম্যাক্সওয়েল ওয়ার্নারের কথা শুনলেই হয়! আইএএনএস।