ম্যাক্সওয়েল-তাণ্ডবে বিগ ব্যাশে নতুন ইতিহাস
ম্যাচটা এমনিতেই ম্যাক্সওয়েলের কাছে ‘স্পেশাল’ ছিল। ব্যাট হাতে সে ম্যাচকে আরও ‘স্পেশাল’ করে তুললেন গ্লেন ম্যাক্সওয়েল। মেলবোর্নের মাঠ দেখল ম্যাক্সওয়েল-টর্নেডো। বিগ ব্যাশে নিজের শততম ম্যাচে বিগ ব্যাশ ইতিহাসেরই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেললেন ম্যাক্সওয়েল।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের ব্যাট দেখল ৬৪ বলে ১৫৪ রানের বিধ্বংসী এক ইনিংস। আর তাতে ম্যাক্সওয়েলের মেলবোর্ন স্টারস গড়ল বিশ্বজুড়ে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে লিগগুলো মিলিয়েই সর্বোচ্চ দলগত ইনিংসের রেকর্ড। এত রেকর্ডের ইনিংস আজ ম্যাক্সওয়েল আর স্টারস খেলেছে হোবার্ট হ্যারিকেনসের বিপক্ষে, ২ উইকেটে ২৭৩ রান তুলেছে স্টারস।
বিগ ব্যাশে সর্বোচ্চ রানের ইনিংস খেলার পথে ম্যাক্সওয়েল ভেঙেছেন আরেক অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের রেকর্ড। কাকতালীয়ভাবে ম্যাক্সওয়েল যখন হ্যারিকেনসের বোলারদের কচুকাটা করছিলেন, উইকেটের আরেক পাশে ছিলেন সেই স্টয়নিসই।
শুধু ছিলেন বলাটা ভুল হবে, স্টয়নিস নিজেও ভালোভাবে শামিল হয়েছেন কচুকাটা করার কাজে। স্ট্রাইক রেটের হিসাব করলে তুলনামূলকভাবে স্টয়নিসই ‘বেশি বিধ্বংসী’ ছিলেন। ঊর্ধ্বকমা ব্যবহার করতে হচ্ছে। কারণ, দুজনের স্ট্রাইক রেটের পার্থক্যটা মাত্র ১.৩১! স্টয়নিসে ৩১ বলে ৪টি চার আর ৬ ছক্কায় ৭৫ রানের ইনিংসে স্ট্রাইক রেট ২৪১.৯৩, ম্যাক্সওয়েলের ২৪০.৬২।
শতক হাঁকানোর পথে আরেকটা রেকর্ডও নিজের করে নিয়েছেন ম্যাক্সওয়েল। ৪১ বলে শতক এসেছে তাঁর, বিগ ব্যাশের ইতিহাসে এর চেয়ে দ্রুততম শতক হয়েছেই একটা। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩৯ বলে শতক হাঁকিয়েছিলেন ক্রেইগ সিমন্স। কিন্তু সে ইনিংসকে ১০২ রানের বেশি বাড়াতে পারেননি পশ্চিম অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান।
ম্যাক্সওয়েল এখানেই অনন্য। নিজের ইনিংসটাকে আজ এমন এক পর্যায়ে নিয়ে গেছেন, বিগ ব্যাশে যে পর্যায়ে কেউই যেতে পারেননি।
জো ক্লার্কের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমেছিলেন ম্যাক্সওয়েল। প্রথম থেকেই খুনে মেজাজে ছিলেন দুজন। সপ্তম ওভারের শেষ বলে দলীয় ৯৭ রানের মাথায় ক্লার্ক (১৮ বলে ৩৫ রান) আউট হয়ে গেলেও ম্যাক্সওয়েল থেমে যাননি।
পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে অর্ধশতকে পৌঁছে যান ম্যাক্সওয়েল। মাত্র ২০ বলে ৮ চার ও ১ ছক্কায় পাওয়া অর্ধশতকই বিগ ব্যাশে ম্যাক্সওয়েলের ব্যক্তিগত দ্রুততম।
দ্বিতীয় উইকেটে নিক লারকিনের সঙ্গে ২৪ বলে ৪৪ রানের জুটি গড়েন, যেখানে লারকিনের অবদান মাত্র ৭ বলে ৩! লারকিন আউট হওয়ার দুই বল আগেই অবশ্য শতকে পৌঁছে যান ম্যাক্সওয়েল। ৫০ থেকে ১০০-তে যাওয়ার পথে অবশ্য চার দুটি কম মেরেছেন ম্যাক্সওয়েল, তবে সেটি আবার পুষিয়ে দিয়েছেন দুটি ছক্কা বেশি মেরে। ৫০ থেকে ১০০ রানের পথে তাঁর ছক্কা ৩টি, চার ৬টি।
এরপর স্টয়নিসের সঙ্গে শেষের ৯ ওভারে মিলেমিশে তাণ্ডব চালান ‘ম্যাক্সি’। এই ৯ ওভারে এসেছে ১৩২ রান! অবশ্য জুটিতে স্টয়নিসই বেশি আগ্রাসী ছিলেন। আগেই শতক পেয়ে যাওয়া ম্যাক্সির দিক থেকে এ সময়ে আগ্রাসনের সবচেয়ে ভয়ংকর রূপটা শুধু দেখেছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে। ১৮তম ওভারে তাঁর প্রথম পাঁচ বলেই চার মারেন ম্যাক্সওয়েল, শেষ বলে আসে ২ রান।
দুই বছর আগে এ মাঠেই সিডনি সিক্সার্সের বিপক্ষে ৭৯ বলে অপরাজিত ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন স্টয়নিস, সেটাই ছিল বিগ ব্যাশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সতীর্থকে নিজের রেকর্ড ভাঙতে দেখে স্টয়নিসের মন খারাপ হয়েছিল কি না কে জানে, নয়তো তিনিও অমন ধুন্ধুমার ব্যাটিং শুরু করবেন কেন? আর কয় ওভার বেশি পেলে ম্যাক্সওয়েলের পাশাপাশি স্টয়নিসও হয়তো শতক পেয়ে যেতেন!
শেষ পর্যন্ত ম্যাচটা ১০৬ রানে জিতেছেন ম্যাক্সওয়েলরা। তবে ম্যাচের ফলাফলে মেলবোর্ন স্টারসের তাতে কিছু যায় আসে না। পয়েন্ট তালিকার ছয় নম্বরে থাকা দলটা এমনিতেই প্লে-অফে যেতে পারছে না। ফলে অনেকেই ম্যাচটাকে নিরেট নিয়ম রক্ষার ম্যাচ বলছিলেন।
অর্থহীন সেই ম্যাচকেই ইতিহাসের অংশ বানিয়ে দিলেন ম্যাক্সওয়েল!