ম্যাক্সওয়েল মানেই আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লেন ম্যাক্সওয়েল
গ্লেন ম্যাক্সওয়েল

গ্লেন ‘ম্যাক্সিমাম’ ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলকে ‘ম্যাক্সিমাম’ নামে ডাকাই যায়। উদ্ভাবনী সব শট, কবজির জোর—এই দুই মিলিয়ে সর্বোচ্চ স্কোরিং শট ছক্কা মারাটা সহজ কাজই বানিয়ে ফেলেছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান। আগুনে ব্যাটিংয়ের সঙ্গে এবার যোগ হয়েছে ধারাবাহিকতাও। চলতি বিশ্বকাপে ম্যাক্সওয়েল রান পাননি শুধু নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে। বাকি পাঁচ ম্যাচের চারটিতে ব্যাটিং করে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি ও ২টি ফিফটি। কোয়ার্টার ফাইনালে লক্ষ্যটা আরেকটু বেশি হলে ফিফটি পেতে পারতেন এই ম্যাচেও। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ৬ ম্যাচের ৫ ইনিংসে ৩০১ রান ম্যাক্সওয়েলের। গড় ৭৫.২৫, স্ট্রাইক রেট ১৮৩.৫৩। এক বিশ্বকাপে কমপক্ষে ৩০০ রান করেছেন এমন ব্যাটসম্যানদের তালিকায় স্ট্রাইক রেটের হিসাবে বড় ব্যবধানেই সবার ওপরে এই ডানহাতি। এবারের বিশ্বকাপেই ১৪৪.২৯ স্ট্রাইক রেটে ৪১৭ রান তুলে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপটাই অবশ্য আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিজ্ঞাপন হয়ে গেছে। বিশ্বকাপের এক আসরে ১০০-এর বেশি স্ট্রাইক রেটে ৩০০ রান তোলার ঘটনা ১৯টি। যার ৭টিই এবারের বিশ্বকাপে। যার চারটিই আবার তালিকার প্রথম চারে। এবার ম্যাক্সওয়েল, ডি ভিলিয়ার্স ছাড়াও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামস বলের চেয়ে বেশি রান তুলে ৩০০ করেছেন।
ডি ভিলিয়ার্স তিনটি বিশ্বকাপ খেলে তিনবারই করেছেন এই কীর্তি। এ ছাড়া অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টই দুবার ১০০-এর বেশি স্ট্রাইক রেটে ৪০০-এর বেশি রান করেছেন। তথ্যসূত্র: সিডনি মর্নিং হেরাল্ড ও ক্রিকইনফো।