ম্যাক্সওয়েল-ঔদ্ধত্য দেখল লঙ্কানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাক্সওয়েলের ঔদ্ধত্য দেখল শ্রীলঙ্কা ছবি: এএফপি
ম্যাক্সওয়েলের ঔদ্ধত্য দেখল শ্রীলঙ্কা ছবি: এএফপি

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ছার-ছয়ের ফুলঝুরি ছড়ালেন গ্লেন ম্যাক্সয়েওল। মাত্র ৫১ বলে সেঞ্চুরি করে হয়ে গেলেন বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম শতকের মালিক। ম্যাক্সওয়েলের সঙ্গে যোগ দিলেন স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক এমনকি ফর্মহীন শেন ওয়াটসনও। সবার মিলিত অবদানে এসসিজিতে শ্রীলঙ্কার বিপক্ষে রান পাহাড়ের চূড়ায় আসীন অস্ট্রেলিয়া। টসে জিতে লঙ্কানদের বিপক্ষে প্রথমে ব্যাট করে পুরো ৫০ ওভারে ৯ উইকেটে তাদের সংগ্রহ ৩৭৬ রান।

ম্যাক্সওয়েলের ব্যাট থেকে এসেছে ১০২ রান। সেঞ্চুরিটা অবশ্য এসেছে ৫১ বলেই। একটি বলের জন্য চার বছর আগে গড়া আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ছুঁতে পারেননি তিনি। কিন্তু তাতে কী! ১০ চার আর ৪ ছয়ে লঙ্কান বোলারদের আক্রমণকে ভোঁতা করে দিয়েছেন ঠিকই, মারকুটে হিংস্রতায়। থিসারা পেরেরার বলে লাসিথ মালিঙ্গার ক্যাচ হয়ে ফিরেছেন ঠিকই, কিন্তু ততক্ষণে তাঁর দল পেয়ে গেছে অনন্য উচ্চতায় ওঠার সিঁড়ি।

মাত্র ৪১ রানে অস্ট্রেলিয়ার প্রথম দুই উইকেট ফেলে দিয়ে সিডনির মাঠে রাজত্বের ইঙ্গিত কিন্তু দিয়েছিল শ্রীলঙ্কাই। অস্ট্রেলীয়দের পক্ষে প্রথম পাল্টা আক্রমণটা আসে স্টিভেন স্মিথ ও মাইকেল ক্লার্কের যুগলে। এই দুই ব্যাটসম্যান তৃতীয় উইকেট জুটিতে ১৩৪ রান তুলে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নেন নিজেদের হাতে। খুব অল্প সময়ের মধ্যে স্মিথ আর ক্লার্কের বিদায় লঙ্কানদের মধ্যে আশার সঞ্চার করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি ম্যাক্সওয়েল ও ওয়াটসনের কল্যাণে। পঞ্চম উইকেট জুটিতে ম্যাক্সওয়েল ও ওয়াটসন তোলেন আরও ১৬০ রান। এ সময় সিডনির মাঠ দেখে ম্যাক্সওয়েল-ঝড়। ওয়াটসনও কম যান না। বাজে ফর্ম নিয়ে দল থেকে বেরিয়ে যাওয়া যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই খেলে ফেললেন ফর্মে ফেরার ইনিংস। ৪১ বলে ৭ চার ও ২ ছয়ে ৬৭ রানের ইনিংস খেলে তিনি কেবল দলে নিজের জায়গাটাই রক্ষা করলেন না, দলের বড় সংগ্রহেও রাখলেন কার্যকর অবদান।

স্টিভেন স্মিথ খেলেছেন ৭২ রানের ইনিংস। ৮৮ বলে ৭ চার ও ১ ছয়ে সাজানো তাঁর ইনিংস। চোট কাটিয়ে ফেরা অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক খেললেন ৬৮ বলে ৬৮ রানের ইনিংস। সব মিলিয়ে নিজেদের শক্তিমত্তার জায়গাটা আজ লঙ্কানদের বেশ ভালোভাবেই জানিয়ে দিল অস্ট্রেলিয়া।

প্রতিপক্ষ স্কোরবোর্ডে ৩৭৬ রান তুলে ফেলার পর কোনো দলের বোলারদের নিয়ে বলার মতো কিছু থাকে না। লঙ্কান বোলাররাও অজ সিডনির মাঠে ছিলেন বড্ড অসহায়। তার পরও লাসিথ মালিঙ্গা ও থিসারা পেরেরা নিয়েছেন দুটো করে উইকেট। মালিঙ্গা কিছুটা প্রতিরোধ গড়লেও পেরেরা অবশ্য ছিলেন যথেষ্ট খরচে। ৮৭ রান দিয়ে এই দুটো উইকেট তাঁর। রান খরচ করে সিক্কুগে প্রসন্ন ৭৭ রান দিয়ে তুলে নিয়েছেন একটি উইকেট। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস একটি উইকেট নিয়েছেন ৫৯ রানের খরচায়। সূত্র: স্টার স্পোর্টস।