ম্যাক্সওয়েল-ঝড়ে বিশ্ব রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪৫ রানের বিস্ফোরক ইনিংস খেলার পথে গ্লেন ম্যাক্সওয়েলের ‘ট্রেডমার্ক’ শট রিভার্স সুইপ। কাল পাল্লেকেলেতে l এএফপি
১৪৫ রানের বিস্ফোরক ইনিংস খেলার পথে গ্লেন ম্যাক্সওয়েলের ‘ট্রেডমার্ক’ শট রিভার্স সুইপ। কাল পাল্লেকেলেতে l এএফপি

অস্ট্রেলিয়া ইনিংসের ১৮ ওভার শেষ হতেই অপেক্ষা শুরু হয়ে গেল। টি-টোয়েন্টিতে দলীয় ও ব্যক্তিগত দুটি রেকর্ডই যে তখন নতুন করে লেখার অপেক্ষায়। ২ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ২৯ রান, গ্লেন ম্যাক্সওয়েলের ১৫। দল পারলেও ‘ব্যর্থ’ ম্যাক্সওয়েল। ১৪৫ রানে অপরাজিত থেকেই তৃপ্ত থাকতে হলো ম্যাক্সওয়েলকে। তবে টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ ২৬৩ রানের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিও জিতে গেল ৮৫ রানে। 

ক্রিকেটের তিন সংস্করণেই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। ইংল্যান্ডের কাছে ওয়ানডের রেকর্ডটি গত সপ্তাহেই হাতছাড়া হয়েছে। এক সপ্তাহ পরই টি-টোয়েন্টির রেকর্ডটিও হাতছাড়া হলো, সেটিও নিজেদের মাটিতে। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান করেছিল শ্রীলঙ্কা, এত দিন ওটাই ছিল টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড।

অস্ট্রেলিয়ার রেকর্ডে বড় ভূমিকা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম ওপেনিংয়ে নামা ম্যাক্সওয়েলের। দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ক্রিস লিন চোট পাওয়াতেই কাল ইনিংস ওপেন করেছেন ম্যাক্সওয়েল।

নতুন ভূমিকায় মানিয়ে নিতে একটু সময় নিয়েছিলেন ‘ম্যাড–ম্যাক্স’। প্রথম চার মারতে অষ্টম বল পর্যন্ত অপেক্ষা। কিন্তু ওই চার দিয়ে যে ঝড় শুরু, সেটি ইনিংসের শেষ ওভারের আগে আর থামেনি। ১৪টি চার ও ৯টি ছক্কায় ৬৫ বলে ১৪৫ রান করেছেন ম্যাক্সওয়েল। একসময় তো টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের ১৫৬ রানের রেকর্ডকেও হুমকির মুখে ফেলে দিয়েছিলেন। কিন্তু শেষ দুই ওভারে মাত্র ৩ বল খেলার সুযোগ পেয়ে ৩ রান করায় সেটি আর সম্ভব হয়নি।

অন্য একটি রেকর্ড ঠিকই করেছেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টিতে প্রথমবার ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। এর আগে সর্বোচ্চ ৯৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ারই ডেমিয়েন মার্টিন। সেই রেকর্ড ভেঙে দিলেন ‘মেকশিফট’ ওপেনার ম্যাক্সওয়েল।

২৬৪ রান তাড়া করতে নেমে একদমই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি শ্রীলঙ্কা। একটু আধটু হাত ঘুরিয়ে বেশ কয়েকজন চেষ্টা করলেও ১৭৮ রানেই থেমেছে শ্রীলঙ্কার ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ২৬৩/৩ (ম্যাক্সওয়েল ১৪৫*, ওয়ার্নার ২৮, খাজা ৩৬, হেড ৪৫; পাথিরানা ১/৪৫, সেনানায়েকে ১/৪৯, পেরেরা ১/৫৮)

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৭৮/৯ (চান্ডিমাল ৫৮, কাপুগেদারা ৪৩, মেন্ডিস ২২; স্টার্ক ৩/২৬, বোল্যান্ড ৩/২৬, জামপা ১/২৭)

                                       প্রতিপক্ষ               সাল

২৬৩/৩   অস্ট্রেলিয়া         শ্রীলঙ্কা             ২০১৬

২৬০/৬   শ্রীলঙ্কা            কেনিয়া             ২০০৭

২৪৮/৬   অস্ট্রেলিয়া         ইংল্যান্ড            ২০১৩

২৪৫/৬   ওয়েস্ট ইন্ডিজ      ভারত              ২০১৬

২৪৪/৪    ভারত             ওয়েস্ট ইন্ডিজ       ২০১৬