ম্যাক্সির রাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে তো দল হেরেছে ৫১ রানে। তার ওপর নিজে আউট হয়েছেন শূন্য রানে। পরশু সংবাদ সম্মেলনে যে খোশমেজাজে ছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল, সেটা তো জানা কথাই। এর ওপর আবার সাংবাদিকের খোঁচা, ম্যাক্সওয়েল কি স্পিন খেলতে পারেন না? এটা কি তাহলে তাঁর টেকনিকের দুর্বলতাই বুঝিয়ে দিচ্ছে! ব্যস, সঙ্গে সঙ্গে তেলেবেগুনে জ্বলে উঠলেন কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক, ‘এটা একটা ফালতু প্রশ্ন। গত তিন ম্যাচে আমি যে লেগ স্পিনারদের একের পর এক ছক্কা মেরেছি, সেটা দেখেননি? জঘন্য প্রশ্ন!’ এ কথা বলেই সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে গেছেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের রাগ করার কারণ আছে। যে স্পিন খেলতে পারেন না বলে অপবাদ, এবারের আইপিএলে সেই স্পিনারদের ৩২ বল খেলে ৫৯ রান তুলেছেন তিনি। ছক্কা মেরেছেন ৫টি। এএফপি।