‘ম্যাচ-আপে’ই ম্যাচ বদলাচ্ছে বাংলাদেশ

‘ম্যাচ আপে’ ম্যাচ বদলাচ্ছে বাংলাদেশ।ছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বল হাতে তৈরিই ছিলেন মেহেদী হাসান। অস্ট্রেলিয়া দলের দুই ওপেনারের মধ্যে একজন যে অ্যালেক্স ক্যারি! এই বাঁহাতির জন্যই অফ স্পিনার মেহেদীর বোলিংয়ে আসা। বাঁহাতি ব্যাটসম্যানকে সমস্যায় ফেলে ডানহাতি বোলার, ডানহাতি ব্যাটসম্যানকে সমস্যায় ফেলে বাঁহাতি বোলার—এটা আধুনিক ক্রিকেটেরই একটা তত্ত্ব, ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘ম্যাচ-আপ’।

১২০ বলের টি-টোয়েন্টি ক্রিকেটটা এখন সাজানো হয় এমন ছোট ছোট ‘ম্যাচ-আপে’ই। যে যত ‘ম্যাচ-আপ’ জিততে পারে, ম্যাচটাও শেষ পর্যন্ত তারাই জিতে নেয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পর আজকের দ্বিতীয় ম্যাচেও এখন পর্যন্ত ‘ম্যাচ-আপ’গুলো জিতে চলেছে বাংলাদেশ।

‘ম্যাচ আপে’ই ক্যারিকে ফিরিয়েছে বাংলাদেশ
ছবি: শামসুল হক

কাল সিরিজের প্রথম ম্যাচে মেহেদীর করা ইনিংসের প্রথম বলেই বোল্ড হন ক্যারি। আজ সেই মেহেদীকে ইনিংসের শুরুতে যেন না খেলতে হয়, তাই ডানহাতি জশ ফিলিপি স্ট্রাইক নেন। ফিলিপে মেহেদীর প্রথম দুটি বল থামিয়ে দেন সহজেই। কিন্তু বাংলাদেশ দল তো এটা চাচ্ছিল না! তাদের চাওয়া ছিল ক্যারিকে স্ট্রাইকে এনে মেহেদীর বল খেলানো। ইনিংসের তৃতীয় বলে হয়তো ইচ্ছা করেই ফুল টস দিয়ে ফিলিপিকে এক রান নিতে দেন মেহেদী। ওভারের পরের তিন বলের জন্য মেহেদী স্ট্রাইকে পান বাঁহাতি ক্যারিকে। ক্যারি অবশ্য খুব সতর্কভাবে খেলে সেই ওভার পার করে দেন।

Shamsul Haque Tanku

যেই অফ স্পিনারের বোলিং শেষ হলো, তখনই যেন আত্মবিশ্বাসী হয়ে উঠলেন ক্যারি! এবার দ্বিতীয় ওভারে তিনি খেলেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। বাঁহাতি ব্যাটসম্যানের জন্য যাঁকে সামলানো অনেকটাই সহজ। পরপর দুটি বলে নাসুমকে রিভার্স সুইপে চার মেরে বসেন অ্যাঙ্গেল কাজে লাগিয়ে।

কিন্তু মেহেদীর পরের ওভারে আর রক্ষা হয়নি ক্যারির। প্রান্তবদল হয়ে স্ট্রাইক যখন ক্যারির কাছে, দুই বল খেলার পর তৃতীয় বলেই তিনি আউট। সব মিলিয়ে ক্যারিকে আউট করতে মেহেদীর লেগেছে মাত্র ৬ বল, রান দিয়েছেন ২। ক্যারি-মেহেদীর ‘ম্যাচ-আপ’টা যে মেহেদী জিতেছেন, সেটি বোধ হয় আর আলাদা করে উল্লেখ করার দরকার নেই।

অস্ট্রেলিয়া দলে বাঁহাতি ব্যাটসম্যান মাত্র দুজন। ডানহাতির আধিক্যই বেশি। ডানহাতি ব্যাটসম্যানদের ‘ম্যাচ-আপে’ বাংলাদেশ ডানহাতি পেসার তাসকিন আহমেদকে না খেলিয়ে খেলিয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে। সঙ্গে আরেক বাঁহাতি মোস্তাফিজুর রহমান তো আছেনই। একই কারণে দলে রাখা হচ্ছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকেও। আর অস্ট্রেলিয়া দলের টপ অর্ডারে যে দুজন বাঁহাতি ব্যাটসম্যান আছেন, তাঁদের জন্যই দলে রাখা অফ স্পিনার মেহেদীকে। এমন ছোট ছোট ‘ম্যাচ-আপে’ই যে বদলায় ম্যাচের চেহারা!