ম্যাচ জেতানো শিখতে চান শাহরিয়ার

জাতীয় দলের হয়ে সর্বশেষ কবে খেলেছেন, শাহরিয়ার নাফীসের নিজেরও হয়তো একটু ভেবে সেটি বলতে হবে। ২০১৩-এর এপ্রিলে হারারে টেস্টে। পরের তিন বছরে বাংলাদেশ দলের হাওয়াটাই গেছে বদলে। প্রতিপক্ষ যে-ই হোক, দলটা এখন সব ম্যাচই জেতার জন্য খেলে।
ইংল্যান্ড সিরিজের কন্ডিশনিং ক্যাম্পের সৌজন্যে আবারও জাতীয় দলের ছায়ায় এসে শাহরিয়ার ওই হাওয়াটাই ধরার চেষ্টা করছেন। কীভাবে প্রতি ম্যাচেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে নামতে হয়? কীভাবে ‘ম্যাচ উইনার’ হতে হয়? বাঁহাতি ওপেনার শাহরিয়ার যখন জাতীয় দলে নিয়মিত ছিলেন, জয়ের তৃষ্ণা এখনকার মতো এত বেশি ছিল না।
মিরপুরের কন্ডিশনিং ক্যাম্পে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে টুকটাক কথা বিনিময়ের সময় শাহরিয়ারকে মূলত শ্রোতার ভূমিকাই পালন করতে হচ্ছে। কোচ তাঁকে আরও কঠোর পরিশ্রমের মন্ত্রণা দিচ্ছেন। জাতীয় দলে ঢোকাটা এখন অনেক কঠিন মনে করিয়ে দিয়েও উদ্যম না হারাতে অভয় দিয়েছেন, ‘যেখানেই খেলবে, যে দলেই খেলবে, রান করার চেষ্টা করবে। যেন প্রয়োজনে তোমাকে দলে নিতে দ্বিতীয়বার ভাবতে না হয়।’
এসব শাহরিয়ারের কাছে অজানা নয়! অজানা বরং ওই মন্ত্রটা—কীভাবে জেতাতে হবে ম্যাচ? আগামী সপ্তাহে ব্যাটিং-বোলিং অনুশীলন শুরু হলে কোচের কাছ থেকে ওই জিনিসটাই জানার চেষ্টা করবেন, ‘ব্যাটিংয়ে টেকনিক্যাল কোনো সমস্যা দেখলে সেটা কোচ নিজেই আমাকে বলবেন আশা করি। তবে আমি তাঁর কাছে জানতে চাইব, আমার যে সামর্থ্য আছে সেটা দিয়ে কীভাবে ম্যাচ জেতানো ইনিংস খেলা যায়।’ কাল মুঠোফোনে বলছিলেন শাহরিয়ার।
শাহরিয়ার কাল মুঠোফোনে যেমনটা বলছিলেন, তাতে টেকনিক্যাল বিষয়ের চেয়ে এই মানসিক ব্যাপারটাকে বোঝাই বেশি জরুরি মনে করছেন। তাঁর সর্বশেষ ম্যাচের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ দলের মানসিকতায় এটাই সবচেয়ে বড় পার্থক্য। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় জাতীয় দলের পরিবর্তিত রসায়নটা তাঁর কাছে অচেনা থেকে গেছে।
ব্যাটিং-বোলিং অনুশীলনের আগে ফিটনেস ক্যাম্প থেকেও কিছু পাওয়ার আছে শাহরিয়ারের, ‘সর্বশেষ জাতীয় দল থেকে বাদ পড়ার সময় আমার ফিটনেসটাই বারবার সামনে এসেছিল। সে অবস্থা থেকে কতটা উন্নতি করেছি, সেটা তাই প্রমাণের ব্যাপার ছিল কন্ডিশনিং ক্যাম্পে। এখন পর্যন্ত ফিটনেসের অবস্থা ভালো। এখন স্কিল ট্রেনিংয়ের জন্য অপেক্ষা করছি। এই কোচিং ম্যানেজমেন্ট যেহেতু অনেক সফল তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’