ম্যাচ পাতানো নিয়ে মুখ খুললেন সেলিম মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিক। ফাইল ছবি
পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিক। ফাইল ছবি

১০০ টেস্ট খেলা পাকিস্তানের পাঁচ ক্রিকেটারের একজন তিনি। ১৯৮১ থেকে ১৯৯৯—১৮ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে খেলেছেন ১০৩টি টেস্ট ও ২৬৩টি ওয়ানডে। সেই সেলিম মালিকই কি না এখন আর পাকিস্তানের ক্রিকেটের কোথাও নেই! থাকবেন কী করে! তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার যে ঢেকে গেছে ম্যাচ পাতানোর অভিযোগের কালিতে।

১৯৯৮ সালে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে মালিকের বিরুদ্ধে। এ নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চলে ১৩ মাস। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় মালিককে
২০০০ সালে ক্রিকেটে আজীবনের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, অস্ট্রেলিয়ার ১৯৯৪-৯৫ পাকিস্তান সফরের সময় করাচি টেস্ট পাতানোর জন্য মার্ক ওয়াহকে ঘুষ সেধেছিলেন।

নিজের জীবন থেকে ম্যাচ পাতানোর কালি সরাতে এখনো আইনি লড়াই করে যাচ্ছেন মালিক। তবে দুই দশক কেটে গেলেও কখনো এটা নিয়ে সেভাবে মুখ খোলেননি পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান। গতকালই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

দুই দশক আগেও নিউজ অব দ্য ওয়ার্ল্ডের এক প্রতিবেদকের স্টিং অপারেশনে সেলিম মালিক ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত হয়েছিলেন। একই পত্রিকার একই প্রতিবেদক ম্যাচ পাতানোর বিষয় নিয়ে আরেকটি স্টিং অপারেশন চালান ২০১০ সালে। সেখানেও মালিকের ম্যাচ পাতানোর সঙ্গে জড়িয়ে থাকার বিষয়ে প্রমাণ পাওয়া যায়।

তবে এর আগেই বিচারক কাইয়ুম তাঁর বিরুদ্ধে ১৯৯৪-৯৫ সিরিজের ম্যাচ পাতানোর চেষ্টার প্রতিবেদন দিয়েছিলেন। সেটি নিয়ে নয়, পিসিবি এবার মালিকের কাছে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের স্টিং অপারেশনের বিষয়ে জানতে চেয়েছে। গতকাল সেটিরই লিখিত জবাব জমা দিতে পিসিবিতে গিয়েছিলেন তিনি।

লিখিত বক্তব্য জমা দেওয়ার পর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে সাংবাদিকের মুখোমুখি হয়েছেন মালিক। সেখানে তিনি নিজের কিছু ক্ষোভও উগড়ে দিয়েছেন, ‌‘আমি কখনোই চুপ করে থাকিনি। আসলে আমি মিডিয়া কাভারেজ পাইনি। এর আগে আমি যে একটি সংবাদ সম্মেলন করেছিলাম সেটি প্রকাশই করা হয়নি। এতে খুব কষ্ট পেয়েছি।’

তবে এখন বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম এসেছে। এখন আর কারও কথা লুকিয়ে রাখা যাবে না বলেই মনে করেন মালিক, ‌‘এখন আপনারা (সংবাদমাধ্যম) যদি আমার খবর প্রচার নাও করেন অআমি নিজেই আমার বক্তব্য রেকর্ড করতে পারব এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও দিতে পারব।’

সাংবাদিকদের মালিক বলেছেন, ‌‘আমি এখন দাদা হয়েছি। এখন আর আমি যখন-তখন অপদস্থ হতে চাই না। আমি বিস্তারিতভাবে সবকিছুর জবাব দিয়েছি। তারা আমাকে (নিউজ অব দ্য ওয়ার্ল্ডের) যে ট্রান্সক্রিপ্টটি দিয়েছিল সেটি ছিল বিশ্বঘাতকতায় ভরা। আমি আট বছর ধরে বিষয়টি নিয়ে আদালতে লড়ছি। কিন্তু তারা (পিসিবি) কখনোই এমন কোনো ট্রান্সক্রিপ্ট আদালতে জমা দেয়নি।’

এ তো গেল নিউজ অব দ্য ওয়ার্ল্ডের স্টিং অপারেশনের কথা। কিন্তু ১৯৯৪-৯৫ সালে যে অভিযোগ প্রমাণিত হয়েছিল তাঁর বিরুদ্ধে, সেটি নিয়ে কী বলবেন মালিক? পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান এখানেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন, ‌‘বিচারক কাইয়ুমের প্রতিবেদনের কোনো মূল্যই নেই। এটা ছিল পক্ষপাতদুষ্ট। আমার বিরুদ্ধে যা হয়েছে তার পুরোটাই মিথ্যাচার। লম্বা সময় ধরে অন্যায়ের শিকার হয়ে আসছি আমি।’