ম্যাচ পাতানো ক্রিকেটারদের মুদি দোকান খুলতে বললেন রমিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ পাতানো ক্রিকেটারদের ওপর কোনো আস্থা নেই রমিজের। ফাইল ছবি
ম্যাচ পাতানো ক্রিকেটারদের ওপর কোনো আস্থা নেই রমিজের। ফাইল ছবি

পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা সবাই একাত্ম হচ্ছেন। করোনাভাইরাসের এ সময়ে এটাই সবাই চান। তবে যে বিষয়ে তারা একাত্ম হচ্ছেন তাতে মোহাম্মদ আমির, সালমান বাট কিংবা ইদানীংকালের শারজিল খানরা চিন্তায় পড়ে যেতে পারেন। সাবেক ক্রিকেটাররা সবাই যে ম্যাচ পাতিয়ে যারা নিষিদ্ধ হয়েছেন তাদের ভয়ংকর সব শাস্তির ব্যবস্থা করতে বলছেন!

জাভেদ মিঁয়াদাদ বলেছেন ম্যাচ পাতানোর সঙ্গে সম্পর্কিত সবাইকে ফাঁসি দেওয়া হোক। রশিদ লতিফ বলেছেন, দেশের আইনে একে অপরাধ হিসেবে গণ্য করার আইন করা হোক। এর চেয়ে সহজ এক পরামর্শ দিয়েছেন রমিজ রাজা। তিনি বলেছেন যারা ম্যাচ পাতিয়েছে তাঁদের ক্রিকেটে ফিরতে না দিয়ে মুদি দোকানদার হতে উৎসাহ দেওয়া হোক। রশিদ লতিফ এমন অপরাধীদের আন্তর্জাতিক ক্রিকেটে না ফিরিয়ে সংসার খরচের জন্য স্থানীয় ক্রিকেট খেলতে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। রমিজ হয়তো ঘরোয়া ক্রিকেটেও এমন ক্রিকেটারদের ওপর আস্থা রাখতে পারছেন না!

পিটিআইয়ের বরাতে জানা গেছে, মোহাম্মদ আমিরের মতো ক্রিকেটারদের ফেরানোয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর ক্ষিপ্ত রাজা, ‘আমাকে জিজ্ঞেস করলে বলব এসব কলঙ্কিত ক্রিকেটারদের মুদি দোকান খোলা উচিত। আমার কোনো সন্দেহ নেই বড় নামগুলোকে (আমিরের মতো ক্রিকেটার) ছাড় দিয়ে পাকিস্তান ক্রিকেটেরই ক্ষতি হয়েছে। এখন আবার শারজিল খানকে ফেরানোর কথা হচ্ছে। এটা কোনোভাবেই ঠিক নয় এবং পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করবে এ সিদ্ধান্ত।’

রমিজ রাজা পাকিস্তান ক্রিকেটের স্বার্থে শুধু শারজিলের মতো ক্রিকেটারদেরই বাদ দিতে বলছেন না, বয়স্ক ক্রিকেটারদেরও জাতীয় দল থেকে সরে যেতে বলছেন, ‘মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ক্রিকেটার যারা দেশকে অনেক দিয়েছে তাঁদের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। কিন্তু আমার ধারণা নির্বাচকদের উচিত তরুণ ক্রিকেটারদের তুলে আনা এবং এঁদের বাদ দেওয়া।’