ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন হেরাথরা
‘কুশল পেরেরা নির্দোষ, সে ষড়যন্ত্রের শিকার’—ডোপ টেস্টে পজিটিভ হওয়া শ্রীলঙ্কান উইকেটকিপার সম্পর্কে কয়েক দিন আগেই কথাগুলো বলেছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকেরা। কাল আবার হইচই ফেলা তথ্য দিলেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খারাপ খেলার জন্য শ্রীলঙ্কার ক্রিকেটারদের নাকি টাকা সেধেছিল বাজিকরেরা। শ্রীলঙ্কান সরকার তদন্তও করছে পুরো ব্যাপারটি নিয়ে।
জয়াসেকেরা জানিয়েছেন, বাজিকরদের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি উইকেটকিপার কুশল পেরেরা ও বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে শ্রীলঙ্কান মুদ্রায় প্রায় এক কোটি রুপি সেধেছিল। ঘটনাটি গত অক্টোবরের গল টেস্টকে ঘিরে। কুশল ও হেরাথকে প্রস্তাব দেওয়া হয় অন্যদেরও বাজে ব্যাটিং করে হেরে যাওয়ার প্ররোচনা দিতে। হেরাথরা যে রাজি হননি তা পরিষ্কার ম্যাচটায় শ্রীলঙ্কার বড় জয়েই।
ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন প্রস্তাবটা নাকি প্রথমে দেওয়া হয়েছিল পেরেরাকেই, ‘তাদের চাওয়া ছিল শ্রীলঙ্কা খুব তাড়াতাড়ি অল্পতেই অলআউট হয়ে যাবে। ম্যাচে ফেবারিট ছিল শ্রীলঙ্কাই। তাই শ্রীলঙ্কা হেরে গেলে বাজিকরেরা বড় অঙ্কের লাভ করত। কুশল প্রস্তাবটা ফিরিয়ে দেওয়ার পর হেরাথের কাছে যায় তারা। হেরাথও প্রত্যাখ্যান করে ও কর্তৃপক্ষকে জানায় ব্যাপারটা।’
অভিযোগ নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের পাশাপাশি তদন্ত করছে দেশটির পুলিশ বিভাগও।
‘কুশল পেরেরা ষড়যন্ত্রের শিকার’—কাল আবারও বলেছেন জয়াসেকেরা। দাবির পক্ষে এবার অবশ্য ভিন্ন যুক্তি উপস্থাপন করলেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী। তাঁর ধারণা ম্যাচ পাতাতে রাজি না হওয়াতেই ফাঁসানো হতে পারে কুশলকে, ‘তাঁর খাবার কিংবা মূত্রনমুনায় কিছু একটা মিশিয়ে দেওয়া খুবই সম্ভব। আমার তাঁকে নির্দোষ প্রমাণ করতে সবকিছুই করব।’
মন্ত্রী মুখ খুললেও আইসিসি দুর্নীতিবিরোধী আচরণবিধির ভঙ্গের ভয়ে কিছু বলতে রাজি হননি দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ক্রিকেট বোর্ডের আরেক কর্মকর্তা স্বীকার করেছেন ওই দুই খেলোয়াড় তাদের কাছে ব্যাপারটা জানিয়েছেন।
শ্রীলঙ্কার ক্রিকেটকে ঘিরে ম্যাচ পাতানোর বিষবাষ্প এবারই প্রথম ডানা মেলেনি। ১৯৯২ সাল থেকেই তাঁর কিছু সতীর্থ ম্যাচ পাতানোয় জড়িত ছিল দাবি করে ২০১১ সালে সাবেক ক্রিকেটার হাশান তিলকারত্নে বোমাই ফাটিয়েছিলেন। তিলকারত্নে অবশ্য তখন কারও নাম বলেননি। এএফপি।