ম্যাচ বাঁচাতে পারবেন নাসিররা?
প্রথম তিন ম্যাচে এক জয়, দুই ড্র। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পয়েন্ট তালিকায় শীর্ষে ছিল বিসিবি উত্তরাঞ্চল। সেই উত্তরাঞ্চলই চতুর্থ রাউন্ডে এসে খেই হারিয়েছে। বিকেএসপিতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ইনিংস হার এড়াতে লড়ছে দলটি।
দক্ষিণাঞ্চলের ৫০১ রানের জবাব দিতে গিয়ে খাবি খাচ্ছে নাসির হোসেনের উত্তর। ৪ উইকেটে ১০৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা উত্তর কাল প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে। ধীমান ঘোষ করেছেন সর্বোচ্চ ৬৭। ক্যারিয়ার-সেরা বোলিং অফ স্পিনার নাহিদুল ইসলামের, ১০৪ রানে নিয়েছেন ৫ উইকেট। ৭৪ রানে ৩ উইকেট অধিনায়ক আবদুর রাজ্জাকের। ফলোঅন করতে নেমে ২৫ রানেই প্রথম উইকেট হারায় উত্তরাঞ্চল। এরপর দলটি আর মাত্র ১ উইকেট হারিয়ে ১৫৪ রানে দিন শেষ করেছে। বড় অবদান দ্বিতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিক-ফরহাদ হোসেনের ৮২ রানের জুটির। জুনায়েদ ফিফটি থেকে ৪ রান দূরে থেকে আউট হলেও ফরহাদ অপরাজিত ৬২ রানে। ইনিংস হার এড়াতে আজ উত্তরাঞ্চলকে আরও ১০৫ রান করতে হবে।
ফতুল্লায় ভালো অবস্থায় আছে ওয়ালটন মধ্যাঞ্চল। ৬ উইকেটে ১১৪ রান নিয়ে দিন শুরু করা ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল প্রথম ইনিংসে অলআউট ২১১ রানে। ইয়াসির আলী-আবুল হাসানের ৭২ রানের সপ্তম উইকেট জুটির সৌজন্যে তাদের স্কোর ২০০ পেরিয়েছে। আগের দিন শেষ দুই বলে উইকেট পেয়েছেন। হ্যাটট্রিকের হাতছানি নিয়ে দিন শুরু করা মধ্যাঞ্চলের মোহাম্মদ শরীফ কাল আর উইকেটই পাননি।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬৬ রান তুলে দিন শেষ করেছে মধ্যাঞ্চল। বর্তমান চ্যাম্পিয়নরা এগিয়ে ৩৮৩ রানে। মুমিনুল হকের বলে এলবিডব্লু হওয়ার আগে মার্শাল আইয়ুব করেছেন সর্বোচ্চ ৭৩। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ভালো না করলেও মুমিনুল ঝলক দেখাচ্ছেন বোলিংয়ে! এক ওভারেই তুলে নিয়েছেন মার্শাল ও শুভাগত হোমের উইকেট দুটি।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৫০১। উত্তরাঞ্চল: ৬২.২ ওভারে ২৪২ (ধীমান ৬৭, ফরহাদ হোসেন ৫৬; নাহিদ ৫/১০৪, রাজ্জাক ৩/৭৪, আল আমিন ২/২৩) ও ৬১ ওভারে ১৫৪/২ (ফরহাদ হোসেন ৬২*, জুনায়েদ ৪৬, নাঈম ২৪*; মোসাদ্দেক ১/৩২ ও নাহিদ ১/৪২)।
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৩২৮ ও ৬৭ ওভারে ২৬৬/৫ (মার্শাল ৭৩, তাইবুর ৫৫*, মেহরাব ৩৮, মজিদ ৩৬, নুরুল ৩২*; মুমিনুল ২/৪০, আবুল হাসান ১/২৯, ইবাদত ১/৩৭, অলক ১/৪৫)। পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৬৭.১ ওভারে ২১১ (ইয়াসির ৪৮*, আবুল হাসান ৪৮, ইমতিয়াজ ৩৬; শরীফ ৪/৫৯, মোশাররফ ২/৩৩, শুভাগত ২/৫১, কামরুল ১/৫৭)।