ম্যাচ বাঁচাল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজিঙ্কা রাহানে শেষ পর্যন্ত ত্রাণকর্তা হয়ে উঠেছিলেন ভারতের জন্য ছবি: ক্রিকইনফো
অজিঙ্কা রাহানে শেষ পর্যন্ত ত্রাণকর্তা হয়ে উঠেছিলেন ভারতের জন্য ছবি: ক্রিকইনফো

গল্পটা অনেকটা অ্যাডিলেড টেস্টের মতোই। মুরলি বিজয় আর বিরাট কোহলি যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণই জয়ের সুবাসটা বেশ ভালোভাবেই পাচ্ছিল ভারত। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকোর তো বলেই দিয়েছিলেন যেহেতু ভারত ওয়ানডে ক্রিকেটটা ভালো খেলে তাই একটু হিসেব করে খেললেই খেলাটা নিজেদেতর করে নিতে পারবে তারা। তিনি একথা বলবেন না-ই বা কেন, বিজয়-কোহলির জুটি চা বিরতির আগ পর্যন্ত যখন অবিচ্ছিন্ন, শেষ সেশনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৮৯ রান।
কিন্তু মুরলি বিজয় ব্যক্তিগত ৮০ রানে জশ হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ব্র্যাড হাডিনের ক্যাচে পরিণত হলে পজয়ের প্রত্যাশায় প্রথম ধাক্কাটা খায় ভারত। কোহলির সঙ্গে তাঁর ৭৪ রানের জুটি ভেঙে যাওয়ার পরপরই যেন পথ হারিয়ে বসল ভারত। ৪৬ রানে মিচেল স্টার্কের বলে স্লিপে ওয়াটসনকে ক্যাচ দিলেন কোহলি। এরপরপরই একটা ধস। পরপর ফিরে যান সুরেশ রায়না ও ঋদ্ধিমান সাহা। রবিচন্দ্রন অশ্বিনও ফিরে গেলে সিডনি টেস্ট পুরোপুরিই হেলে পড়ে অস্ট্রেলিয়ার দিকে। কিন্তু শেষ অবধি অজিঙ্কা রাহানের দায়িত্বশীল ব্যাটিং পরাজয়ের কলঙ্ক থেকে রক্ষা করে ভারতকে। ভূবনেশ্বর কুমারও দারুণ সঙ্গ দেন রাহানেকে। সবমিলিয়ে রানে ভরপুর সিডনি টেস্ট দেখলো দারুণ শ্বাসরূদ্ধকর এক সমাপ্তি। তবে বোর্ডার-গাভাস্কার সিরিজটা অস্ট্রেলিয়া জিতে নিয়েছে ২-০ ব্যবধানেই।
দারুণ বোলিং করেছেন জশ হ্যাজেলউড। তাঁর প্রথম সাত ওভার থেকে রান আসে মাত্র একটি। তাঁর বলেই ভারতীয়দের ওপর প্রথম থেকেই চাপ ধরে রেখেছিল অস্ট্রেলিয়া। তবে জয়ের জন্য যেভাবে নিয়মিত বিরতিতে উইকেট প্রয়োজন, সেটা আদায় করে নিতে পারেনি তারা। জয়ের জহন্য ৩৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ রক্ষণাত্মকই ছিল ভারতীয় ব্যাটিং। প্রথম উইকেট জুটিতে মুরলি বিজয় ও লোকেশ রাহুল তোলেন ৪৮ রান। দ্বিতীয় উইকেটে রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে বিজয়ের সংগ্রহ ছিল ৫৬ রান। ১৬ রানে লায়নের বলে ওয়ার্নারের হাতে ধরা পড়েন রাহুল। ৩৯ রানে ওয়াটসনের বলে স্মিথের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন রোহিত।
ভারতীয় ইনিংসের শ্রেষ্ঠাংশ ওই মুরলি বিজয় আর বিরাট কোহলির জুটিই। ৭৪ রানের জুটিতে আত্মরক্ষার পাশাপাশি ছিল আক্রমণাত্মক মানসিকতা। মুরলি তাঁর পা ব্যবহার করে উইকেটের চারপাশেই শট খেলে ভড়কে দেন অস্ট্রেলীয়দের। সঙ্গে ছিল কোহলির আক্রমণাত্মক ব্যাটিং। এই জুটি দারুণ সময়ে ভেঙে দেন হ্যাজেলউড। জুটিটি দীর্ঘায়িত হলে হয়ত সিডনি টেস্টের শেষ লগ্নটা আরও উপভোগ্য হত, ভরপুর থাকত পাল্টাপাল্টি প্রতিদ্বন্দ্বিতায়।
তবে সবকিছু ছাপিয়ে সিডনি টেস্টে ভারতের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে অষ্টম উইকেট রাহানে ও ভূবনেশ্বর কুমারের মধ্যকার ৩৫ রানের জুটিটি। এই জুটিটি না হলে হয়ত এই টেস্টে পরাজয়ের লজ্জাই পেতে হত ভারতকে। মজার ব্যাপার হচ্ছে এই জুটির সিনিয়র সঙ্গী রাহানে হলেও বেশিরভাগ রানটা কিন্তু এসেছে ভূবনেশ্বর কুমারের ব্যাট থেকেই (২০)। রাহানের অবদান ছিল ১৫ রান। অশ্বিনের বিদায়ের পর রাহানে পুরোটা সময়ই ভূবনেশ্বর কুমারকে আড়াল করে ব্যাট করেছেন। তাঁর সংগ্রহ ৩৮ রান। ভূবির ব্যাট থেকে এসেছে ২০।
অস্ট্রে​লিয়া আজ লায়নের পাশাপাশি আরও একজন স্পিনারকে বেশ মিস করেছে। থেকে থেকেই হয়ত অধিনায়ক স্টিভেন স্মিথের মনে পড়ছিল নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের কথা। তাঁর বাঁ হাতি স্পিন এই সিডনির উইকেটে কতটা কার্যকর হত, তার প্রমাণ তো আছে অতীতেই।
তারপরেও দুটি করে উইকেট নিয়েছেন হ্যাজেলউড, স্টার্ক ও লায়ন। ৮০তম ওভারে নতুন বল নেওয়ার ব্যাপারটিও একটু খচখচানি রেখে যাচ্ছে অস্ট্রেলীয় সমর্থকদের মধ্যে। ওই সময় লায়ন পুরোনো বলে কিন্তু দারুণ বলই করছিলেন। নতুন বল নেওয়ার পর তাঁর কার্যকারিতা কিছুটা ভোঁতাই হয়ে যায়। নতুন বলে স্টাক, হ্যারিস, ওয়াটসন ভালো বল করলেও উইকেট নেওয়ার ক্ষেত্রে তাদের দুর্বলতা শেষ পর্যন্ত সিডনিতে জয়ী হতে দেয়নি অস্ট্রেলিয়াকে। সূত্র: স্টারস্পোর্টস।