ম্যাচ বাতিলের সম্ভাবনা ক্ষীণ

চট্টগ্রামের আকাশে মেঘ ও রোদের লুকোচুরি খেলা চলছে। দুপুর ১২টার দিকে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। স্বাভাবিকভাবেই ক্রীড়ামোদীদের মনেও দুর্ভাবনার মেঘ। ‘ফাইনাল’ ম্যাচটি হবে তো! জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অঘোষিত ফাইনাল হয়ে ওঠা আজকের বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি নিয়ে চিন্তিত আয়োজকেরাও। তবে আবহাওয়ার পূর্বাভাসে আস্থা রাখলে নিশ্চিন্ত হতেই পারেন।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ আরও এক দফা বৃষ্টি হতে পারে সন্ধ্যার দিকে। তবে তা ভারী বর্ষণে রূপ নেবে না। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, ‘দুপুরে এক পশলা বৃষ্টি হলেও দুইটা-তিনটা থেকে আর বৃষ্টি না থাকার সম্ভাবনাই বেশি। যদি হালকা বৃষ্টি হয়ও তা কোনোভাবে স্থায়ী হবে না। খেলা নিয়ে কোনো শঙ্কা নেই।’
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ও মুষলধারে বৃষ্টি হয়েছে। ফলে আজকের ম্যাচটি নিয়ে সকাল থেকেই সমর্থকদের মধ্যে উদ্বেগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেকে হতাশা ও উদ্বেগও প্রকাশ করেছেন। রোমাঞ্চকর লড়াইয়ে না শেষমেশ আক্ষরিক অর্থেই জল ঢেলে দেয় প্রকৃতি। এই সিরিজে কোনো রিজার্ভ ডে না রাখায় উদ্বেগ আরও বেশি।
তবে চিন্তার কিছু নেই এমনটি জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে একটা আশঙ্কা থেকে যাচ্ছে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মতো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা অতটা উন্নত নয়। ফলে মাঝারি বৃষ্টি হলেও খেলার দৈর্ঘ্যে প্রভাব ফেলতে পারে। নাক গলাতে পারেন দুই সাহেব—জনাব ডাকওয়ার্থ ও জনাব লুইস!