ম্যাচ রেফারি থাকছেন না মহানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোশন মহানামা। ছবি: এএফপি।
রোশন মহানামা। ছবি: এএফপি।

ম্যাচ রেফারির চাকরিটা শেষ পর্যন্ত ছেড়েই দিচ্ছেন রোশন মহানামা। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য, সাবেক এই ব্যাটসম্যান চাকরিটা ছেড়ে এখন থেকে বেশি করে সময় দেবেন নিজের ব্যবসায়।

আশি ও নব্বইয়ের দশকে লঙ্কান ক্রিকেট দলের অন্যতম কেতা-দুরস্ত এই ব্যাটসম্যান ২০০৪ সাল থেকে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ৫৮টি টেস্ট, ২২২টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচে সর্বময় কর্তার দায়িত্বে ছিলেন। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনটি ওয়ানডে বিশ্বকাপ ও ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে।

আইসিসির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার ছয় মাস আগেই বিদায় নিচ্ছেন মহানামা। ৪৯ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার জানিয়েছেন, তাঁর নিজস্ব ব্যবসায় মনোযোগ দিতেই তিনি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। পরিবারকে বেশি সময় দেওয়ার ব্যাপারটা তো থাকছেই।

১৯৮৬ সালে দেশের হয়ে অভিষেক ঘটে মহানামার। শ্রীলঙ্কার হয়ে তিনি খেলেছেন ৫২টি টেস্ট ও ২১৩টি ওয়ানডে। টেস্টে তাঁর একটি দ্বিশতকও আছে।
১৯৯৭ সালে কলম্বোয় ভারতের বিপক্ষে তাঁর ব্যাট থেকে এসেছিল ২২৬ রান। ওয়ানডে ক্রিকেটে তাঁর সর্বোচ্চ ১১৯—জিম্বাবুয়ের বিপক্ষে, হারারেতে, ১৯৯৪ সালে। সূত্র: পিটিআই।