ম্যাচ রেফারির হুমকি
দু-দুবার ঘটেছে একই ঘটনা। ম্যাচ রেফারি ক্রিস ব্রড এরপরই বাধ্য হলেন হুমকিটা দিতে। আর একবার এ ঘটনা ঘটলে টেস্ট ম্যাচ বন্ধই করে দিতে বাধ্য হবেন তিনি।
কাল চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুর দিকের ঘটনা। দক্ষিণ আফ্রিকার দ্বাদশ খেলোয়াড় কাগিসো রাবাদার উদ্দেশে কিছু বাজে মন্তব্য করা হয় পশ্চিম গ্যালারি থেকে। ক্রিকেটাররা নাকি এ সময় ‘ব্ল্যাক-ব্ল্যাক’ ধ্বনিও শুনতে পান গ্যালারি থেকে। ঘটনাটা দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার জানার আগেই জেনে যান ম্যাচ রেফারি। পানি পানের বিরতিতে সেই তথ্য আম্পায়ারদের মাধ্যমে কানে যায় তাঁর। ভেন্যু ম্যানেজার ফজলে বারী খানকে তখনই প্রথম সতর্কবার্তা দেন ব্রড।
এরপর মধ্যাহ্নবিরতির সময় আবারও প্রায় একই ঘটনা ঘটে। প্র্যাকটিস উইকেটে দক্ষিণ আফ্রিকার দু-একজন ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছিলেন। এ সময় গ্যালারি থেকে আবারও বাজে মন্তব্য ভেসে আসে। যা জানার পর ম্যাচ রেফারি খুব চটে যান। ভেন্যু ম্যানেজারকে ডেকে বলেন, এটা বর্ণবাদী আচরণ। আর একবার এ ঘটনা ঘটলে তিনি খেলা বন্ধ করে দেবেন। এরপর বেশ কয়েকবার মাইকে ঘোষণা দিয়ে এ ধরনের আচরণ আর না করার জন্য সতর্ক করে দেওয়া হয় দর্শকদের।
কাল রাতে মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করেছেন ভেন্যু ম্যানেজার। প্রথম আলোকে তিনি বলেছেন, ম্যাচ রেফারির চূড়ান্ত সতর্কবাণী শোনার পর দর্শকদের উদ্দেশে মাইকে এ ধরনের আচরণ করার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। পরে এ নিয়ে আর কোনো সমস্যা হয়নি।