ম্যাচ শুরু সাড়ে নয়টায়, ১৫ ওভার করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গা গরমের ফুটবল খেলছেন বাংলাদেশের খেলোয়াড়রা। ছবি-প্রথম আলো
গা গরমের ফুটবল খেলছেন বাংলাদেশের খেলোয়াড়রা। ছবি-প্রথম আলো

পৌনে নয়টায় মাঠ পরিদর্শনের কথা ছিল। সেটি একটু পিছিয়ে গেল দশ মিনিট। তবে শেষ পর্যন্ত সুখবর নিয়েই ফিরেছেন আম্পায়াররা। এশিয়া কাপ ফাইনাল শুরু হচ্ছে রাত সাড়ে নয়টা থেকে। দুই দল ১৫ ওভার করে খেলবে।

সন্ধ্যায় যে ঝড় বয়ে গেল, তাতে বহুল প্রতীক্ষিত ম্যাচটাই পড়ে গিয়েছিল শঙ্কায়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এ যাবতকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ মানা হচ্ছে যেটিকে, সকাল থেকে সবাই অপেক্ষা করেছিলেন যে ম্যাচটির জন্য, সেটির ভাগ্য কিনা নির্ধারিত হয়ে থাকবে প্রকৃতির খামখেয়ালিতে! তবে শেষ পর্যন্ত একটু কম আয়োজনে হলেও বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে এশিয়া কাপ ফাইনাল।
মাত্র যে ৫-৫, ১০ ওভার কমল সেটির জন্য বড় ধন্যবাদ পাবেন মাঠকর্মীরা। আর কৃতিত্ব পাবে শেরে বাংলা স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা। বৃষ্টিতে মিরপুরের মাঠের এখানে-ওখানে পানি ছিল, সেটি শুকিয়ে গেছে। দুই দলের খেলোয়াড়েরা মাঠে নেমে ফুটবল নিয়ে কিছুক্ষণ গা গরম করলেন। মাশরাফিরা মাঠে গোল হয়ে টিম মিটিংও সেরে নিলেন। যা করার ১৫ ওভারেই করতে হবে না! পরিকল্পনাটাও তো তেমনি নিখুঁত হতে হবে।
ওভার কমে যাওয়ায় প্রতি দলের একজন বোলার সর্বোচ্চ তিন ওভার করে বল করতে পারবেন। দেখা যাক, সংক্ষিপ্ততম সংস্করণের ক্রিকেটের আরও সংক্ষেপিত ম্যাচটিতে শেষ হাসিটা কার হয়!