ম্যাচ শেষ করেই লাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের ম্যাচ। তাই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহকে পাত্তা না দিয়েই কাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হাজির শ খানেক দর্শক। এঁদের প্রায় অর্ধেক নিরপেক্ষ, বাকিরা প্রাইম দোলেশ্বরের সমর্থক। কিন্তু নিরপেক্ষরা তো বটেই, ম্যাচজয়ী দোলেশ্বরের কিছু সমর্থকও ম্যাচ শেষে মাঠ ছাড়লেন হতাশা নিয়ে।
১০০ ওভারের ম্যাচ শেষ ৪৭.২ ওভারেই। নিরপেক্ষ দর্শকদের হতাশা আসলে একপেশে এক ম্যাচের সাক্ষী হয়ে। আর এত দ্রুতই যে ঘরে ফিরে যেতে হবে সেটি ভাবতে পারেননি দোলেশ্বরের কিছু সমর্থক, ‘কিসের এত তাড়া! তাড়াতাড়ি বাড়ি গিয়ে করবটা কী’।
দোলেশ্বরের ব্যাটসম্যানরা অবশ্য চাইছিলেন লাঞ্চের আগেই ম্যাচ শেষ করতে। এত গরমে কারই বা মাঠে থাকতে ইচ্ছে হয়! এই ম্যাচের আগে নেট রানরেটের হিসাবে পয়েন্ট তালিকায় শীর্ষে ছিল শেখ জামাল ধানমন্ডি। সেই শেখ জামালকেই দোলেশ্বরের বোলাররা অলআউট করল মাত্র ৯৯ রানে। রানটা পেরোতে রকিবুলদের খেলতে হলো মাত্র ২০.১ ওভার।
২১তম ওভারের প্রথম বলে রকিবুল নাজমুস সাদাতকে চার মারতেই ম্যাচ শেষ। ওই চারে ফিফটিও হয়ে যায় জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যানের। ৬৭ বলে ৭ চারে ৫৩ রান করার পথে দৃষ্টিকাড়া দুটি কাভার ড্রাইভও মেরেছেন রকিবুল।
রকিবুলকে উইকেটে আসতে হয়েছিল ইনিংসের দ্বিতীয় বলেই। প্রথম বলেই সোহাগ গাজীর অফ স্পিনে বোল্ড আগের দুই ম্যাচে ১৭৩ রান করা ওপেনার ইমতিয়াজ। ৩৬ রান পর আউট রনি তালুকদার। এরপর শ্রীলঙ্কার চামারা সিলভাকে নিয়ে বাকি পথটা পেরিয়ে যান রকিবুল।
আগের ম্যাচগুলোর তুলনায় কিছুটা মন্থর হয়ে এলেও উইকেট ছিল পুরোপুরিই ব্যাটিং-স্বর্গ। তাই অপরাজিত ফিফটি করেও ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের বিবেচনাতেই আসেননি রকিবুল। ৬ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা। এই ৪ উইকেটের মধ্যে আছে মাহমুদউল্লাহর উইকেটটিও। শেখ জামাল অধিনায়ক যখন ক্রিজে এলেন ১২ রানেই ২ উইকেট নেই, ২ রান পরে আউট মার্শাল আইয়ুবও।
মাহমুদউল্লাহ কিন্তু খেলছিলেন দারুণ। দশম ওভারে জাতীয় দলের পেসার আল আমিনকে মিড উইকেট, পয়েন্ট ও কাভার দিয়ে টানা তিনটি বাউন্ডারি-মাহমুদউল্লাহর ব্যাট বড় কিছু করার সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু তাঁর ৩৪ বলের ২৪ রানের ইনিংসের মৃত্যু ষোড়শ ওভারে। ফরহাদ রেজাকে সীমানা ছাড়া করতে গিয়ে কাভারে নাসির হোসেনের দুর্দান্ত ক্যাচ হলেন মাহমুদউল্লাহ। অনেকটা পেছনে দৌড়ে ক্যাচটা নিয়েছেন নাসির। পরে ২৮তম ওভারে নিজের বোলিংয়ে ওয়াহিদুলের ক্যাচ নিয়েই শেখ জামালের ইনিংসের ইতি টেনেছেন নাসির।
লিস্ট ‘এ’ ম্যাচে এই নিয়ে দুবার ১০০ রানের নিচে অলআউট শেখ জামাল, দুবারই ফতুল্লায় দোলেশ্বরের বিপক্ষে।
তিন ম্যাচে তিন জয়, আপাতত পয়েন্ট তালিকায় সবার ওপরে গতবারের রানার্সআপ প্রাইম দোলেশ্বর।