ম্যাচ-সিরিজ দুটিই হারল ভারত

ওভাল টেস্টের প্রথম দিনেই ভারতের ১০০ রানের নিচে অলআউট শঙ্কা চোখ রাঙানি দিচ্ছিল। ৯০ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর মহেন্দ্র সিং ধোনির একক প্রচেষ্টায় সাময়িক লজ্জা থেকে রক্ষা পেলেও চূড়ান্ত অপদস্ত থেকে ভারত বাঁচল কই? দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ২৪৪ রান, একই সঙ্গে ৩-১ ব্যবধানে সিরিজ হেরে ধোনির দল বোঝাল—বিদেশে গিয়ে বিশ্রীভাবে হারার রোগটা সেরে ওঠার নয়!
এ টেস্টের আগে এক ইনিংসে ভারত ১০০-এর নিচে অলআউট হয়েছে ২৩ বার। এর মধ্যে সবচেয়ে বেশিবার (আটবার) অলআউট হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। টেস্টে ভারতের সর্বনিম্ন রান ৪২—সেটিও ইংল্যান্ডের বিপক্ষে। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে অলআউট হওয়ায় পরিসংখ্যানে যোগ হলো আরও একটি টেস্ট। ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের ব্যাটসম্যানরা এতটাই ভড়কে গেল, উইকেটে টিকে থাকা হয়ে গেলো পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ!
৬ রানের মাথায় মুরালি বিজয়ের উইকেট দিয়ে শুরু। নিয়মিত বিরতিতে চলল উইকেট পতনের মিছিল। দুই অঙ্ক ছুঁতে পেল মাত্র তিন ব্যাটসম্যান। সর্বোচ্চ ২৫ এল স্টুয়ার্ট বিনির ব্যাট থেকে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সফল ক্রিস জর্ডান। নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট।
আগের দিনের ৭ উইকেটে ৩৮৫ রানের সঙ্গে আজ অবশিষ্ট ৩ উইকেটে ১০১ রান যোগ করল ইংল্যান্ড। আরও একটি দুর্দান্ত ইনিংস উপহার দিলেন জো রুট। শেষ পর্যন্ত উইকেটে থেকে করলেন ১৪৯। ম্যাচ সেরাও তিনি। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিলেন ইশান্ত শর্মা।
ভারতের ৮২ বছরের টেস্ট ইতিহাসে বিদেশে গৌরবের কীর্তির চেয়ে লজ্জার গল্প অনেক বেশি। বিদেশ সফর মানে ভারতের জন্য বরাবরই বিস্মরণযোগ্য সব স্মৃতির জন্ম। এবারও তারই পুনরাবৃত্তি। আগের মতো এবারও নাকাল হওয়ায় ভারতের একটি পত্রিকা লিখেছে, ‘ভুল ডাক্তারের হাতে পড়লে দলের রোগ সারবে কীভাবে।’ বোঝাই যাচ্ছে, সমালোচনার চাবুক কোচ ডানকান ফ্লেচারের দিকে। তবে ভারতের সমৃদ্ধ ব্যাটিং লাইনআপও কিন্তু কম দায়ী নয়।
নিঃসন্দেহে ভুলে যাওয়ার মতোই একটা সিরিজ গেল ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলির। ইংলিশ বোলাররা কোহলিকে নামিয়ে আনলেন নবিশের পর্যায়ে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দশ ইনিংসে কোহলির রান—১, ৮, ২৫, ০, ৩৯, ২৮, ০, ৭, ৬ ও ২০। সর্বোচ্চ ৩৯। শূন্য রানে ফিরেছেন দুবার। ধোনি বাদে ধারাবাহিক ছিলেন না ভারতের আর কোনো ব্যাটসম্যান। ফলে ২০১১ এর পর ইংল্যান্ড সফরে টেস্টে আবারও ভারতের পর্যদুস্ত হওয়া অবধারিত হয়ে পড়েছিল। ক্রিকইনফো ও স্টার স্পোর্টস ১।