ম্যাচ হেরেও চিন্তিত নন লিটন?

গতবারের মতো এবারও হার দিয়ে বিপিএল শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। টুর্নামেন্টের শুরু মাত্র। একটি ম্যাচ হারলেই যে সব শেষ—এটা বলা বোকামি। কিন্তু হার তো! তবে কুমিল্লার উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস এই হার নিয়ে খুব চিন্তিত নন। আত্মবিশাসী কণ্ঠেই বলেছেন, ভালো অবস্থানেই আছেন তাঁরা।
প্রথম ম্যাচ হেরে যাওয়ায় কুমিল্লা অবশ্যই চায় পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে। লিটন তো মনে করেন, প্রথম ম্যাচ হারলেও তাঁর দল ভালো অবস্থাতেই আছে, ‘দলের অবস্থা ভালো। এটা নিয়ে কোনো চিন্তা নেই। ম্যাচটি জিততে পারলে ভালো হতো। তবে এখনো আমরা খুব ভালো অবস্থানে আছি।’
বাংলাদেশ দলের খেলোয়াড়দের যাঁরা বিপিএল খেলছেন, তাঁরা এখনো জ্বলে উঠতে পারেননি প্রত্যাশা অনুযায়ী। দক্ষিণ আফ্রিকায় টলে যাওয়া আত্মবিশ্বাসটা তবে এখনো ফিরে পাননি তাঁরা? লিটন এভাবে ব্যাপারটা দেখেন না। এক পরিবেশ থেকে আরেক পরিবেশে অভ্যস্ত হতে একটু সময় চাইলেন এই ওপেনার, ‘অনেক দিন ভিন্ন উইকেটে খেলে আসছি। দেশে ফিরে মানিয়ে নেওয়া একটু হলেও কঠিন। উইকেট এখানে একটু মন্থর, অন্য রকম আচরণ করছে। টি-টোয়েন্টিতে এত কিছু ভাবার অবশ্য সময় নেই।’
২০১৫ বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা গতবার শেষ চারেই উঠতে পারেনি। এবারও শুরুটা হয়েছে বাজে। গতবারের পুনরাবৃত্তির আশঙ্কার কথা উঠতেই একটু বিরক্তই হলেন লিটন, ‘গত টুর্নামেন্টের কথা চিন্তা করে কী লাভ বলুন? গতবার কী হয়েছে না হয়েছে! সেটি এখন অতীত। খেলা হবে কাল। সেটি নিয়েই এখন আমাদের চিন্তা করতে হবে।’