ম্যাচজয়ের উদযাপনে একে ৪৭!

২১১ রানের লক্ষ্যে নেমে ৯৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে আফগানরা কাঁপছিল। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জয় আফগানদের। নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপের পরম কাঙ্ক্ষিত প্রথম জয়! হোক না তা সহযোগী দেশ স্কটল্যান্ডের বিপক্ষে, তবু ‘প্রথম’ বলে কথা! সব প্রথমের আনন্দ অনির্বচনীয়। তাই উদ্যাপনটা হলো বাঁধভাঙা; কাবুল-কান্দাহারের মতো বড় শহরগুলোর উদ্যাপনের অনুষঙ্গ হলো একে-৪৭ বন্দুক! খোলা আকাশে গুলি ছুড়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন আফগান সমর্থকেরা।
একে-৪৭ বন্দুক দিয়ে গুলি ছুড়ে উদ্যাপনটা সম্ভবত ক্রিকেটে এই প্রথম এবং এটা কেবল আফগানদেরই মানায়! যে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রতিনিয়ত রক্তের হোলিখেলা হয়, যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত ছেয়ে থাকে অনিশ্চয়তায়, সেই আফগানিস্তান বিশ্বক্রিকেটের মূল আসরে খেলবে এবং ক্রিকেটবিশ্বের মন জয় করে নেবে—এই ভাবনাটাই তো অবান্তর ছিল! যেখানে খেলাধুলা প্রায় নিষিদ্ধ এক বিষয়, খেলার মাঠগুলো পরিণত হয়েছে জঙ্গি তালেবানদের বধ্যভূমিতে, সেখানে এমন বন্দুকসমেত উচ্ছ্বাসটা বড়ই স্বাভাবিক!
আবদুল সামাদ নামের এক আফগান সমর্থক বললেন, ‘যখন আমরা ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেললাম, তখন রেগেমেগে মোবাইলটাই ভেঙে ফেললাম। ইচ্ছেমতো গালাগাল করতে লাগলাম খেলোয়াড়দের। শেষ পর্যন্ত আমার দল জিতেছে, অবিশ্বাস্য! অনেক বেশি খুশি।’ কাবুলের রাস্তায় জলিল নামের এক আফগান সমর্থক বললেন, ‘আমি তালেবান, বোমা—এসব ভুলে এখানে আনন্দ করতে এসেছি। যদিও আজ সকালে এখানে হামলা হয়েছে।’
রক্তপাতও নিমেষেই মরীচিকা মনে হচ্ছে ক্রিকেট-সাফল্যে, এটাই বোধ হয় ক্রিকেটের বড় সৌন্দর্য। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।