ম্যাচসেরা গিল, গুজরাটের জয়ের নায়ক তেওয়াতিয়া

ম্যাচসেরা শুবমান গিলের সঙ্গে গুজরাটের জয়ের নায়ক তেওয়াতিয়া (ডানে)ছবি: আইপিএলের ওয়েবসাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বল হাতে ১ ওভারে ২৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ব্যাট হাতে ৩ বলে করেছেন অপরাজিত ১৩ রান। ম্যাচসেরা হওয়ার মতো কোনো পারফরম্যান্স নয় এটা। কিন্তু গুজরাট টাইটানসের জয়ের নায়ক বলতে হবে রাহুল তেওয়াতিয়াকে। ম্যাচের শেষ দুই বলে টানা দুটি ছয় মেরে গুজরাটকে জিতিয়েই যে মাঠ ছেড়েছেন ভারতীয় অলরাউন্ডার। তবে ৫৯ বলে ১১ চার ও ১ ছয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে গুজরাটের জয়ের ভিত গড়ে দিয়েছেন ওপেনার শুবমান গিল। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন ভারতের এ ব্যাটসম্যান।

১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ রানে ম্যাথু ওয়েডকে হারায় গুজরাট। এরপর সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন গিল। ১৪.৪ ওভারে দলকে ১৩৩ রানে রেখে সুদর্শন আউট হওয়ার দ্বিতীয় উইকেটে তাঁকে নিয়ে তুলেছেন ১০১ রান। যেখানে গিলের অবদান ৩৮ বলে ৬৪। এরপর হার্দিক পান্ডিয়াকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে তুলেছেন ২৬ বলে ৩৭ রান। ১৮.৫ ওভারে গিল যখন আউট হয়ে ফেরেন, গুজরাটের রান ৩ উইকেটে ১৭০। সেই ওভারের শেষ বলে ১ রান নেন ডেভিড মিলার।

হার্দিক পান্ডিয়ার সঙ্গে জয় উদ্‌যাপন তেওয়াতিয়ার (বাঁয়ে)
ছবি: আইপিএলের ওয়েবসাইট

শেষ ওভারে গুজরাটের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রানের। উইকেটে পান্ডিয়া আর মিলার ছিলেন। ওডিন স্মিথ প্রথম বলটাই ওয়াইড দেন। পরের বলে আউট হয়ে ফেরেন পান্ডিয়া। উইকেটে আসেন তেওয়াতিয়া। স্মিথের করা দ্বিতীয় বল থেকে ১ রানই নিতে পারেন তিনি। সেই সময় ডাগআউটে নিজের আউটের জন্য নিজেকেই যেন শাপশাপান্ত করছিলেন পান্ডিয়া। চেয়ারে না বসে এদিক–ওদিক মাথা ঝোঁকাচ্ছিলেন তিনি। পরের বলে মিলার চার মারলে একটু শান্ত হন পান্ডিয়া। চতুর্থ বলে ১ রান নেন মিলার, স্ট্রাইকে যান তেওয়াতিয়া। পান্ডিয়া তখন হতাশায় নুয়েই পড়েছিলেন। শেষ ২ বলে যে ১২ রান দরকার পড়ে গুজরাটের। কিন্তু সবাইকে অবাক করে শেষ দুই বলে দুটি ছক্কা মেরে দেন তেওয়াতিয়া। গুজরাটও ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচসেরার পুরস্কার হাতে শুবমান গিল
ছবি: আইপিএলের ওয়েবসাইট

এর আগে পাঞ্জাব ৯ উইকেটে ১৮৯ রান তুলতে পারে লিয়াম লিভিংস্টোনের ঝোড়ো ব্যাটিংয়ে। আগের ম্যাচে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলে পাঞ্জাব কিংস একাদশে জায়গা পাকা করেন লিভিংস্টোন। কালও একই ছন্দে দেখা গেল এই ইংলিশ ব্যাটসম্যানকে। গুজরাটের বিপক্ষে কাল পাঞ্জাবের ইনিংস একাই টেনেছেন, দলের বিপদে খেলেছেন ২৭ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস। ৭টি চার ও ৪টি ছক্কায় সাজানো লিভিংস্টোনের ইনিংসে ভর করেই পাঞ্জাব চ্যালেঞ্জিং স্কোর গড়তে পেরেছে।

মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুতেই মায়াঙ্ক আগারওয়াল ও জনি বেয়ারস্টোর উইকেট হারায় পাঞ্জাব। এরপর শিখর ধাওয়ানকে নিয়ে ৫২ রান যোগ করেন লিভিংস্টোন। রশিদ খানের স্পিনে ধাওয়ান ৩৫ রান করে আউট হলেও লিভিংস্টোন রানের গতি কমতে দেননি। ১৬তম ওভারে রশিদের বলে মিড উইকেট দিয়ে ছক্কা মারার চেষ্টায় ক্যাচ আউট হন লিভিংস্টোন। এরপর রাহুল চাহার এসে যোগ করেন ১৪ বলে ২২ রান।