ম্যাচসেরা হয়ে সাকিবের উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ রানে ৪ উইকেট। কাল বিগ ব্যাশে মেলবোর্ন রেনিগেডসের  জয়ে নেতৃত্ব দিলেন সাকিব আল হাসান l ছবি: সংগৃহীত
১৩ রানে ৪ উইকেট। কাল বিগ ব্যাশে মেলবোর্ন রেনিগেডসের জয়ে নেতৃত্ব দিলেন সাকিব আল হাসান l ছবি: সংগৃহীত

তিন ধরনের ক্রিকেটেই সেরা অলরাউন্ডারের স্বীকৃতি সঙ্গে নিয়ে নেমেছিলেন মাঠে। অলরাউন্ড পারফরম্যান্স দেখানোর সুযোগও পেয়েছিলেন। সেটা পারেননি, ব্যাট হাতে ব্যর্থ আবারও। তবে এর আগে বল হাতে যা করেছেন, দল জয় দেখে ফেলেছে তাতেই। ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট, মেলবোর্ন রেনিগেডসের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড। ব্রিসবেন হিটের বিপক্ষে ৫ উইকেটের জয়ে ম্যাচসেরা সাকিবই।
নিজেদের মাঠ ডকল্যান্ডসে ম্যাচের প্রথম দুই বলেই রেনিগেডসকে উইকেট এনে দেন জেমস প্যাটিনসন। পঞ্চম ওভারে বল হাতে নিয়ে সাকিবও জাগিয়েছিলেন হ্যাটট্রিক সম্ভাবনা। অনেকটা টার্ন করা দারুণ এক ফ্লাইট দেওয়া বলে বিভ্রান্ত ড্যানিয়েল ক্রিস্টিয়ান, দারুণ ক্ষিপ্রতায় স্টাম্পিং করেছেন ম্যাথু ওয়েড। পরের বল আবারও ফ্লাইটেড, টার্ন করে বাঁহাতি জেসন ফ্লোরোসের ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড। হ্যাটট্রিক বলটি ঠেকিয়ে দেন ক্রিস লিন। পরের ওভারে সেই লিনকেই ফ্লাইটে বিভ্রান্ত করে নিয়েছেন ফিরতি ক্যাচ। তৃতীয় ওভারে নিজে উইকেট না পেলেও উইকেট এনে দিয়েছেন দলকে। নিজের বলে ফিল্ডিং করে রান আউট করেছেন ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফকে। নিজের শেষ ওভারে ফিরিয়েছেন প্রতিপক্ষের সর্বোচ্চ রান করা বেন কাটিংকে। স্লগ করতে গিয়ে বোল্ড কাটিং (৩০)। দলের হয়ে সাকিবের সেরা বোলিংয়ের দিনে লেগ স্পিনার ফাওয়াদ আহমেদ গড়েছেন বিগ ব্যাশে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড (৪-১-৭-১। ব্রিসবেন হিট গুটিয়ে যায় ৮০ রানে। সাকিবের ক্যাচ নেওয়ার মাধ্যমেই শেষ হয়েছে ইনিংস।
সামান্য এই স্কোরও অবশ্য সহজে তাড়া করতে পারেনি রেনিগেডস। ৩১ রানে পড়ে যায় ৪ উইকেট। তখনই নামেন সাকিব। সেখান থেকে দলকে জয় এনে দিতে পারলে কাল পূর্ণতা পেত সাকিবের পারফরম্যান্স। কিন্তু ক্রিস্টিয়ানের শর্ট বলে আপার কাট করে ধরা পড়েছেন থার্ডম্যানে (৩ বলে ২)। দলই তখন খানিকটা হারের শঙ্কায়। টম বিটনের ঝড়ে অবশ্য আর উইকেট না হারিয়েই জিতে যায় রেনিগেডস। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের ছয়ে সাকিবের দল, কাগজে-কলমে বেঁচে আছে সেমিফাইনাল সম্ভাবনা। বাস্তব সম্ভাবনা যদিও নেই বললেই চলে। দল সেমিতে উঠলেও সাকিব খেলবেন আর একটি ম্যাচই, নিজের সাবেক দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১৯ জানুয়ারি। স্টার স্পোর্টস, ক্রিকইনফো।