ম্যাচের আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ‘চমক’

টসের সময়ই চমক দেখিয়েছে চট্টগ্রামছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচের আগেই চমক দেখাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স! আজ দিনের প্রথম ম্যাচে দলের কোচ ও অধিনায়ক পদে পরিবর্তন এসেছে। দলটির প্রধান কোচ পল নিক্সন লেস্টারশায়ার কাউন্টির ডাকে গতকাল দেশে ফিরে গেছেন। তাঁর জায়গায় চট্টগ্রামের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন শন টেইট। এর আগে তিনি দলের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন।

মিরাজকে চাপমুক্ত করতে অধিনায়কত্বের দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে
ফাইল ছবি: প্রথম আলো

নিক্সন চলে গেলেও তাঁর পরামর্শে পরিবর্তন এসেছে চট্টগ্রামের অধিনায়কের পদেও। মেহেদী হাসান মিরাজকে ‘চাপমুক্ত’ করে অধিনায়ক করা হয়েছে নাঈম ইসলামকে। দলের প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলম বলেছেন, ‘নিক্সন কাউন্টি থেকে সময় নিয়ে বিপিএলে এসেছিলেন। কিন্তু মৌসুম শুরুর আগের অনুশীলনের জন্য তাঁকে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে। এখন প্রধান কোচের দায়িত্বে থাকবেন টেইট। তবে নিক্সনের সঙ্গেও আমাদের যোগাযোগ থাকবে।’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ এখন শন টেইট
ফাইল ছবি: শামসুল হক

মিরাজের অধিনায়কত্ব প্রসঙ্গে সৈয়দ ইয়াসির আলম বলেন, ‘মিরাজ যেহেতু দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, তার ওপর থেকে চাপ কমাতে নাঈমকে অধিনায়ক করা হয়েছে। নিক্সনের প্রস্তাবের পর আমরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্তটা নিয়েছি।’ টসের সময় একই কথা বলেছেন অধিনায়কের দায়িত্ব পাওয়া নাঈমও, ‘নিজের খেলার দিকে মনোযোগ দিতে চাইছে মিরাজ। সে কারণেই সে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছে।’