ম্যাচের আগে তামিম-সাকিবদের সঙ্গে ডি ভিলিয়ার্সের ৫০ মিনিট

বাংলাদেশের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আছে ডি ভিলিয়ার্সেরফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান কোচ হিসেবে রাসেল ডমিঙ্গো আগে থেকেই আছেন। কদিন আগেই পেস বোলিং কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন অ্যালান ডোনাল্ড।

খেলাটা যখন দক্ষিণ আফ্রিকার মাটিতে, তখন ক্রিকেট বুদ্ধিমত্তায় বাংলাদেশ দলের এই দুই দক্ষিণ আফ্রিকানের চেয়ে বেশি কিছু হয়তো প্রয়োজন ছিল না।

এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য পাওয়ার হিটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন আরেক প্রোটিয়া এল বি মরকেল।

তবু তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে প্রধান কোচ ডমিঙ্গো বাংলাদেশ দলকে দিলেন বাড়তি এক উপহার।

বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকে নিমন্ত্রণ করেন ডমিঙ্গো।তাতে সাড়া দিয়ে গতকাল রাতে বাংলাদেশ দলের টিম হোটেলে এসেছেন ‘এবি’।

দক্ষিণ আফ্রিকায় অনুশীলনে বাংলাদেশ দল
ছবি: সংগৃহীত

তামিম-সাকিবদের সঙ্গে প্রায় ৫০ মিনিট সময় কাটান আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। দলীয় সূত্রে জানা গেছে, নিজের ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা তিনি ভাগাভাগি করে নিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কীভাবে খেলতে হবে, এ ব্যাপারে ডি ভিলিয়ার্স বাংলাদেশ দলের ক্রিকেটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।

ডি ভিলিয়ার্স জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন আগেই। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার জার্সি তুলে রাখা সাবেক অধিনায়ক বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে গেছেন। গত নভেম্বরে ৩৮ বছর বয়সে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

ডোনাল্ডের ক্লাসে পেসাররা
ছবি: সংগৃহীত

১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে নিজের অবিশ্বাস্য ব্যাটিং–সামর্থ্যের প্রমাণ ‘এবি’ রেখেছেন বহুবার। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম অর্ধশতক (১৬ বল), শতক (৩১ বল), দেড় শ (৬৪) রানের রেকর্ড যেমন তাঁর, তেমনি ভারতের বিপক্ষে ২০১৫ সালের দিল্লি টেস্টে ২৯৭ বল খেলে ৪৩ রানের ইনিংসও দেখেছে ডি ভিলিয়ার্সের ব্যাট।

এমন অবিশ্বাস্য ইনিংসের সময় ডি ভিলিয়ার্সের মানসিকতা কেমন ছিল, সেটিও জানতে চেয়েছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা।

লম্বা ইনিংসের খেলার ক্ষেত্রে ‘সুইচড অন’ ও ‘সুইচড অফ’ থাকার ব্যাপারে ডি ভিলিয়ার্সের কাছে প্রশ্ন ছিল অনেকের।

ক্রিকেটের প্রথম ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সের সঙ্গে বৈঠক ক্রিকেটারদের জন্য খুবই কার্যকর ছিল বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্টের এক সূত্র।

রাসেল ডমিঙ্গোর সঙ্গে তামিম ইকবাল
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি খেলেছেন ডি ভিলিয়ার্স। টেস্টে ৮৭৬৫, ওয়ানডেতে ৯৫৭৭ ও টি-টোয়েন্টিতে ১৬৭২ রানের মালিক ডি ভিলিয়ার্সকে অবশ্য শুধুই সংখ্যায় চেনানো কঠিন।

তাঁর সঙ্গে প্রায় এক ঘণ্টা সময় কাটিয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা হয়তো কাল সেটি বুঝেছেন আরেকবার।