ম্যাচের আগে হঠাৎ অসুস্থ, চট্টগ্রাম দলে নেই জ্যাকস

দলের সেরা খেলোয়াড়কে ছাড়াই এলিমিনেটরে নেমেছে চট্টগ্রামছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলকে শেষ চারে আনার পেছনে অন্যতম অবদান ছিল তাঁর। তবে সেই উইল জ্যাকস খেলছেন না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এলিমিনেটর ম্যাচে। ম্যাচের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে চট্টগ্রাম একাদশে নেই তিনি। ফলে বড় একটা ধাক্কাই খেয়েছে চট্টগ্রাম।

শুধু চট্টগ্রাম নয়, বিপিএলের এ মৌসুমেরই অন্যতম সেরা ব্যাটসম্যান এই ইংলিশ। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে তাঁর ৫৭ বলে ৯২ রানের অপরাজিত ইনিংসে ভর করেই সিলেট সানরাইজার্সকে হারিয়েছিল চট্টগ্রাম, নিশ্চিত করেছিল প্লে-অফে খেলা। বাঁচা-মরার ম্যাচে জ্যাকসের ইনিংস ছিল দুর্দান্ত। এমনিতে চট্টগ্রাম দলে এবার হয়েছে অধিনায়ক নিয়ে নাটক, পারফরম্যান্সের উত্থান-পতনও সঙ্গী ছিল দলটার। যদিও শেষ চারে তারা আসতে পেরেছে সবকিছুকে জয় করেই।

চট্টগ্রামকে শেষ চারে তুলতে জ্যাকসের ছিল বড় অবদান
ছবি: প্রথম আলো

দলের সাফল্যে যার অবদান সবচেয়ে বেশি, সেই জ্যাকস আজ অসুস্থ হয়ে পড়েন হঠাৎ করেই। চট্টগ্রামের ম্যানেজার ফাহিম মুনতাসির বলেছেন, ‘মাঠে আসার জন্য টিম বাসে ওঠার ঠিক আগে জ্যাকসের শরীর হুট করে খারাপ হয়ে যায়। এরপর সে বমি করে। কিছুক্ষণ অপেক্ষার পর সে মাঠে আসে। তবে শরীর খারাপ ছিল। চিকিৎসকেরা বলছেন, তাঁর খাদ্যে বিষক্রিয়া হয়েছে।’

দলের সঙ্গে মাঠে আসলেও তাঁকে হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, ‘এমনিতে তাঁর রক্তচাপ ঠিক আছে, শারীরিক আর কোনো সমস্যা নেই। তবে তাকে বিশ্রামে রাখতে বলা হয়েছে। এই ম্যাচে সে খেলছে না। আমরা তাকে হোটেলে পাঠিয়ে দিয়েছি।’

১০ ম্যাচে ৩৯৮ রান করেছেন জ্যাকস
ছবি: প্রথম আলো

এ মৌসুমে ১০ ম্যাচে খেলে জ্যাকস করেছেন ৩৯৮ রান। বিপিএলে এবার তাঁর চেয়ে বেশি রান আছে শুধু তামিম ইকবালের। ৪৪.২২ গড়ে ব্যাটিং করেছেন, স্ট্রাইক রেট ১৫৪.২৬। জ্যাকস করেছেন ৪টি অর্ধশতক।

জ্যাকসের বদলে আজ খেলানো হচ্ছে কেনার লুইসকে। খেলোয়াড় তালিকায় জ্যাকসকে রাখা হয়েছে ১৫তম খেলোয়াড় হিসেবে। জ্যাকসের বদলে নামা লুইস করেছেন ৩২ বলে ৩৯ রান। নাবিল সামাদের বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে চট্টগ্রাম।

এলিমিনেটর ম্যাচ কার্যত নক-আউট ম্যাচ। ফাইনালে যেতে হলে এ ম্যাচের পর দ্বিতীয় কোয়ালিফায়ারেও জিততে হবে চট্টগ্রাম বা খুলনাকে। দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। সে ম্যাচে জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। আর হারা দল সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার।