ম্যাচের টিকিট ১২ মিনিটেই শেষ!

১৪ ফেব্রুয়ারি—ভালোবাসা দিবস। আগামী বছর এ দিনই পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেটের। ভালোবাসা দিবসের ঠিক পরের দিন, রোববার অ্যাডিলেড ওভালে মঞ্চস্থ হবে উত্তেজনার বারুদে ঠাসা এক লড়াইয়ের। কাদের লড়াই—বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। ভারত-পাকিস্তানের সে লড়াই দেখার টিকিট বাজারে ছাড়ার মাত্র ১২ মিনিটেই শেষ!
অ্যাডিলেড ওভালের ধারণক্ষমতা ৫০ হাজারের কিছু বেশি। ছাড়ার মাত্র ১২ মিনিটেই ভারত-পাকিস্তান ম্যাচের প্রায় সব টিকিট শেষ। এখন কিছু টিকিট রয়েছে বটে। তবে নিঃসন্দেহে তা পরিণত হবে সোনার হরিণে।
দক্ষিণ অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী জন রাউ বললেন, ‘অ্যাডেলিডে কেবলই নতুন স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ করেছি আমরা। ক্রিকেটের জন্য দারুণ এক ভেন্যু। এখানে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে পেরে খুবই রোমাঞ্চিত। আশা করছি অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারত-পাকিস্তানের দর্শকদের আগমনে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হবে।’
এ ভেন্যুতে বিশ্বকাপের মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পিটিআই।