ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরিয়ান লাথামকে ফিরিয়ে রাহাতের উল্লাস। ছবি: এএফপি
সেঞ্চুরিয়ান লাথামকে ফিরিয়ে রাহাতের উল্লাস। ছবি: এএফপি

* দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে সংগ্রহ বিনা উইকেটে ১৫ রান।
* তৃতীয় দিন শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ বিনা উইকেটে ১৫ রান।
আবুধাবি টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন এক বিন্দুতে মিললেও দুই দলের অবস্থা ভিন্ন। পাকিস্তান অধিনায়কের মুখে চওড়া হাসি আর নিউজিল্যান্ড অধিনায়কের চোখেমুখে পাহাড়সম লক্ষ্য মোকাবিলার শঙ্কা। ব্লাক ক্যাপদের চাইলেই ফলো-অন করাতে পারতেন মিসবাহ-উল-হক। করালেন না। বরং ‘নিরাপদ’ পথেই হাঁটলেন। এতে তৃতীয় দিন শেষে পাকিস্তান এগিয়ে ৩১৯ রানে।
সর্বশেষ এই আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেভাবে পাকিস্তানের চিত্রনাট্য এগিয়েছিল, নিউজিল্যান্ডের বিপক্ষেও যেন তা-ই! আগের দিনের বিনা উইকেটে ১৫ রানে খেলতে নেমে ৩৩ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। অনেক দিন ধরেই শুরুটা ভালো হচ্ছে না ব্ল্যাক ক্যাপদের। গত ১২ ইনিংসে নিউজিল্যান্ডের ওপেনিং জুটিতে এটিই সর্বোচ্চ।
ব্ল্যাক ক্যাপদের ইনিংসে সবচেয়ে উল্লেখযোগ্য দিক টম লাথামের সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ঢুকে পড়লেন রেকর্ড বইয়ে। কম বয়সে টেস্ট সেঞ্চুরি পাওয়া নিউজিল্যান্ড ব্যাটসম্যানের তালিকায় লাথামের অবস্থান তিনে। ২২ বছর বয়সী এ ওপেনারের ১০৩ রানের সৌজন্যে নিউজিল্যান্ড যা একটু লড়াই করেছে। ৪৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর কোরি অ্যান্ডারসনের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ৮৩ রান তুলে বিপর্যয় সামলানোর চেষ্টা করেন লাথাম। জুটি ভাঙেন রাহাত আলী। ফেরার আগে অ্যান্ডারসনের সংগ্রহ ৪৮ রান।
এরপর ওয়াটলিংয়ের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৬৫ রানের আরেকটি জুটি গড়েন লাথাম। দলীয় ২১৫ রানের মাথায় রাহাতের বলে লাথাম ফিরে গেলে কার্যত প্রতিরোধ ভেঙে পড়ে নিউজিল্যান্ডের। শেষ ৪৭ রানেই পড়েছে ৫ উইকেট। পেসার রাহাতের সংগ্রহে সর্বোচ্চ ৪ উইকেট আর বাঁ–হাতি স্পিনার জুলফিকার বাবর নিয়েছেন ৩টি।