ম্যাচের ভাগ্যটা গড়ে দিলেন মাকসুদ

দলের সেরা ব্যাটসম্যান তিনি নন, নন সেরা বোলারও। তবু বিশ্বকাপে ওমানের মূল ভরসা জিশান মাকসুদই। দলের অধিনায়কত্বের ভারটাও তাঁর কাঁধে। প্রথম ম্যাচেই মাকসুদ দেখিয়ে দিলেন কেন দলটির নেতা মানা হয় তাঁকে।

মাকসুদছবি: আইসিসি টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের সেরা ব্যাটসম্যান তিনি নন, নন সেরা বোলারও। তবু বিশ্বকাপে ওমানের মূল ভরসা জিশান মাকসুদই। দলের অধিনায়কত্বের ভারটাও তাঁর কাঁধে। প্রথম ম্যাচেই মাকসুদ দেখিয়ে দিলেন কেন দলটির নেতা মানা হয় তাঁকে।

পাকিস্তানের শাহিওয়াল অঞ্চলে বেড়ে ওঠা মাকসুদ জাতীয় দল হিসেবে ওমানকে বেছে নিয়েছেন ২০১৪ সালেই। অধিনায়ক হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ কঠিন পরীক্ষাই দিতে হয়েছে তাঁকে।

বোলিং করছেন মাকসুদ
ছবি: এএফপি

কোনো রান তোলার আগেই দুই উইকেট হারিয়ে ফেলেছিল পাপুয়া নিউগিনি। কিন্তু ভালা-আমিনির প্রতি–আক্রমণে সে ধাক্কা কাটিয়ে উঠেছিল বিশ্বকাপে প্রথমবার খেলতে যাওয়া দলটি। তৃতীয় উইকেটে দুজনের ১০ ওভারে ৮১ রানের জুটিতে ওমানকে ভয় পাইয়ে দিয়েছিল পাপুয়া নিউগিনি। ১৪ ওভারের মধ্যে ১০০ রানও পেরিয়ে গেছে দলটি।

১৫তম ওভারে আসাদ ভালা ফিরে গেলেও বড় স্কোর গড়া সম্ভব ছিল পাপুয়া নিউগিনির পক্ষে। ১৬তম ওভারে সে সম্ভাবনা দূর করে দিয়েছেন জিশান মাকসুদ। ইনিংসে ওমানের বোলারদের মধ্যে সবার পরে বল করতে এসেছিলেন ১৩তম ওভারে। সে ওভারে বাঁহাতি স্পিনে দিয়েছিলেন ১১ রান। সেটা পুষিয়ে নিলেন নিজের দ্বিতীয় ওভারে।

এক ওভারেই ম্যাচ বদলে দিলেন মাকসুদ
ছবি: টুইটার

প্রথম বলে নরমান ভানুয়াকে বোল্ড করে দিলেন। এক বল বিরতি দিয়েই সেসে বাউকে ক্যাচ বানালেন যতীন্দর সিংয়ের। আবার এক বল বিরতি। পঞ্চম বলে আবার মাকসুদের ধাক্কা। এবার কিপলিন ডরিগাকে ক্যাচ দিতে বাধ্য করলেন পয়েন্টে। ৫ বলের মধ্যে মাত্র ১ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েই ম্যাচটার রং বদলে দিলেন মাকসুদ।

মাকসুদের পরের ওভারেই এল আরেকটি উইকেট। তাঁর দ্বিতীয় বলে সীমানা ছাড়া করতে গিয়ে লং অনে ধরা পড়লেন ডেমিয়েন রাভু। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ শেষ হলো ওমান অধিনায়কের।

১৩০ তাড়া করতে গিয়ে কোনো উইকেট না হারিয়েই ম্যাচ জিতেছে ওমান। আকিব ইলিয়াস ৫০ রানে অপরাজিত ছিলেন। ৪২ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন যতীন্দর সিং। কিন্তু ম্যাচসেরার দৌড়ে মাকসুদের সঙ্গে পেরে ওঠেননি কেউ।