ম্যাচের মোড়টা ঘুরল যেথায়

চট্টগ্রাম টেস্টে পার্থক্যটা তৈরি হয়েছে কোথায়? টুকরো টুকরো অনেক ছবিই ভাসবে চোখে।
রোমাঞ্চে ভরা পাঁচ দিনে ঘটনা তো কম নয়! ইংল্যান্ডের প্রথম ইনিংসে মঈন আলীর ৬৮ রান, টেস্ট অভিষিক্ত মেহেদী হাসান মিরাজের ৬ উইকেট, বাংলাদেশের প্রথম ইনিংসে তামিম ইকবালের ৭৮ ও মুশফিকুর রহিমের ৪৮ রান। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৬২ রান ৫ উইকেট হারিয়েও জনি বেয়ারস্টো ও বেন স্টোকসের ষষ্ঠ উইকেট জুটিতে ১২৭ রান তোলা, সাকিব আল হাসানের ৫ উইকেট, ম্যাচের শেষ অংশে সাব্বির রহমানের বুক চিতিয়ে লড়াই। আর ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) তো আছেই।
খেলাটা জমিয়ে তুলতে ওপরের সব কটি অনুঘটক হিসেবে কাজ করলেও ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে একটি সেশনই। পরে অনেক চেষ্টা করেও বাংলাদেশ সেই ঘাটতি আর পূরণ করতে পারেনি। প্রথম ইনিংসে ৭২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। হাতে ৫ উইকেট। সাকিব আল হাসান অপরাজিত ৩১ রানে। প্রথম সেশনেই বাংলাদেশ লিড নিয়ে ফেলবে, এমন অনুমানই ছিল অনেকের।
সকালে নিজের আসনে তখন ঠিকমতো বসেনইনি অনেকে, সাকিব পথ ধরলেন ড্রেসিংরুমের! দিনের দ্বিতীয় বলে অহেতুক ডাউন দ্য উইকেটে পাগুলে শট খেলতে গিয়ে স্টাম্পড। বিপর্যয়ের শুরু সেখান থেকেই। বাংলাদেশ ২৭ রানেই হারিয়ে বসে শেষ ৫ উইকেট। লিড নেবে কী, উল্টো ৪৫ রানে পিছিয়ে থেকে শেষ প্রথম ইনিংস।
লিডটা যদি মুশফিকরা পেয়েই যেতেন ম্যাচের ফল কী হতো, সমীকরণটা সহজেই মিলিয়ে নেওয়া যায়! কাল বাংলাদেশ অধিনায়কের কথায়ও তাই প্রথম ইনিংসে লিড না নিতে পারার আফসোস, ‘ওই রানটাই বড় ব্যবধান গড়ে দিয়েছে। অনেকে বলতে পারেন দ্বিতীয় ইনিংস বেন স্টোকস-জনি বেয়ারস্টোর জুটির কথা। অবশ্যই বড় জুটি ছিল সেটা। টেস্টে এমন একটা জুটি হতেই পারে। তবে প্রথম ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের। লিড নিতে না পারলেও আমরা যদি ২৯০ বা ২৮০ রানও করতাম...। ওরা দ্বিতীয় ইনিংসে দেখেন ২৪০ রান করেছে আমরা সেখানে ২৬৩। ওই রানটাই (প্রথম ইনিংসে পিছিয়ে থাকা) এই টেস্টে পার্থক্য গড়ে দিয়েছে।’
টেস্ট মানেই সেশন ধরে ধরে এগোনো। যে যত সেশনে এগিয়ে থাকবে, শেষ পর্যন্ত তাঁদের মুখেই ফোটে বিজয়ের হাসি। চট্টগ্রাম টেস্টে অবশ্য দুই দলের মধ্যে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। একটি সেশন ইংল্যান্ডের হয়েছে তো আরেকটি বাংলাদেশের। তবে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক মুশফিকের সঙ্গে একমত, তৃতীয় দিনের সকালের সেশনটিই গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য, ‘দুর্দান্ত এক টেস্ট ছিল এটি। প্রথম সেশনের পর ভাবতে পারিনি এই ম্যাচ পাঁচ দিনে গড়াবে। অনেক চড়াই-উতরাই ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তৃতীয় দিনের শুরুটা। তখন তারা (প্রথম ইনিংসে) ৭০-৮০ রানে পিছিয়ে ছিল, হাতে ৫ উইকেট। আমরা তবু লিড পেয়েছি। এটাই ছিল আসল পার্থক্য।’