ক্রিকেটীয় অনিশ্চয়তার প্রতি সর্বোচ্চ সম্মান রেখেও দ্বিতীয় দিনটিই প্রায় নিশ্চিত বলে দিয়েছিল, ২২ বছর আগের লজ্জাটা এড়াতে পারছে না শ্রীলঙ্কা। পারলও না। প্রথম ইনিংসে ১০১ রানে অলআউট হয়ে সিরিজে দুই টেস্টেই করল ফলো অন।
১৯৯৪ সালে ভারতের বিপক্ষে এক সিরিজের দুই টেস্টে ফলো অন করেছিল শ্রীলঙ্কা। এত দিন পর্যন্ত সেটিই ছিল দেশটির ক্রিকেট ইতিহাসে এমন একমাত্র ঘটনা, কাল ম্যাথুসরা জন্ম দিলেন দ্বিতীয় ঘটনার।
তবে প্রথম টেস্টের মতো এবার আর দ্বিতীয় ইনিংসেও পথ ভুলে হারিয়ে যায়নি শ্রীলঙ্কা। অন্তত ভোলোই প্রতিরোধ করছে। তৃতীয় দিনে শেেষ অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, ওপেনার কৌশল সিলভা ও দিনেশ চান্ডিমালের ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩০৯ রান করেছে শ্রীলঙ্কা। অবশ্য ইনিংস পরাজয় এখনো চোখ রাঙাচ্ছে, যা এড়াতে আরও ৮৮ রান দরকার লঙ্কানদের।
দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার শঙ্কা ছিল, ইনিংসে এক শ হবে তো! শেষ দুই ব্যাটসম্যানের ‘বীরত্বে’ কাল শঙ্কাটা দূর করল লঙ্কানরা। আর দ্বিতীয় ইনিংস তো সিরিজে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে স্বস্তি দিচ্ছে। প্রথম সাত ব্যাটসম্যানের ছয়জনই ভালো শুরু পেয়েছেন, তবে সেটিকে টেনে নিতে পেরেছেন শুধু ম্যাথুস, কৌশল ও চান্ডিমাল। ৬০ রান করে কৌশল ফিরে গেলেও ম্যাথুস
আউট হয়েছেন ৮০ রানে। ক্রিকইনফো।