
>শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিন্দ্রা আলুতগামাগের দাবি, ২০১১ বিশ্বকাপ ফাইনালটি বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা। ভারত–শ্রীলঙ্কার সে ম্যাচটি হয়েছিল পাতানো। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথুস বলছেন অন্য কথা।
২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে আগেই প্রশ্ন তুলে দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিন্দ্রা আলুতগামাগে। তাঁর দাবি, সেবারের বিশ্বকাপটি ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা। ভারতের কাছে হেরে যাওয়া ২০১১ বিশ্বকাপের ফাইনালটি ছিল পাতানো!
এমন অভিযোগের যথাযথ প্রমাণ দিতে বলেছিলেন সেই ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। আর সেই সময়ের নির্বাচক শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান অরবিন্দ ডি সিলভা বলেছিলেন, শচীন টেন্ডুলকারের মান রক্ষার স্বার্থেই এই অভিযোগের তদন্ত করা উচিত। ২০১১ সালে ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ জিতেছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। শ্রীলঙ্কার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরুও করেছে।
তবে ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কা কেন আর কীভাবে হেরেছে, তা নিয়ে সম্প্রতি কথা বলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ফাইনালে না খেললেও শ্রীলঙ্কার স্কোয়াডে ছিলেন তিনি। ইউটিউব চ্যাট শো ‘ক্রিকেট আনপ্লাগডে’ দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কার অলরাউন্ডার বলেছেন, ‘ওটা ছিল আমার প্রথম ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ২০০৯ ও ২০১০ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। সেদিক থেকে ২০১১ বিশ্বকাপ আমার কাছে ছিল বিশেষ কিছু। ফাইনালে ওঠার পথে দুর্দান্ত খেলেছি আমরা। সেমিফাইনাল জয়ের পর ফাইনালে খেলার জন্য উন্মুখ ছিলাম। দুর্ভাগ্যবশত আমি চোট পাওয়ার কারণে খেলতে পারিনি।’
পেস বোলিং অলরাউন্ডার ম্যাথুস খেলতে না পারলেও সেই ম্যাচে তিনজন পেসার খেলিয়েছে শ্রীলঙ্কা। লাসিথ মালিঙ্গার সঙ্গে পেস আক্রমণে ছিলেন নুয়ান কুলাসেকারা ও পেস থিসারা পেরেরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। মাহেলা জয়াবর্ধনের সেঞ্চুরিতে (৮৮ বলে ১০৩*) ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে তারা। রান তাড়া করতে নেমে ১০ বল ও ৬ উইকেট হাতে রেখে শিরোপা জিতে যায় মহেন্দ্র সিং ধোনির ভারত।
৩১ রানে ভারতের ২ উইকেট তুলে নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু গৌতম গম্ভীর (৯৭) ও বিরাট কোহলি (৩৫) ভালো একটি জুটি গড়ে বিপদ বাড়তে দেননি। পরে অধিনায়ক ধোনির অপরাজিত ৯১ রানের ইনিংসে ম্যাচ জেতে ভারত। শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী যা–ই বলুন না কেন, ফাইনালে হার নিয়ে ম্যাথুসের আক্ষেপটা ভিন্ন, ‘আমরা ২০ থেকে ৩০ রান কম করেছি। আমাদেরও সুযোগ ছিল। কিন্তু গৌতম ও বিরাট ভালো ব্যাটিং করেছে। এরপর এমএস ধোনি বাকি কাজ শেষ করেছে। সব মিলিয়ে দুর্দান্ত এক ম্যাচই ছিল।’