জিততে প্রায় ভুলেই গিয়েছিল শ্রীলঙ্কা। জয়াবর্ধনে ও সাঙ্গাকারা-উত্তর যুগের সূচনায় ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া সেই দলটিই স্রোতের বিপরীতে গিয়ে পাল্লেকেলে টেস্টে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। টেস্ট ক্রিকেটের এক নম্বর দল অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং-শ্রেষ্ঠত্বই এখন ঝুঁকির মুখে। আজ গলে শুরু দ্বিতীয় টেস্টেও প্রথম টেস্টের ফলের পুনরাবৃত্তি হলে প্রায় নিশ্চিতই হয়ে যাবে অস্ট্রেলিয়া আর শীর্ষে থাকতে পারছে না।
১৭ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়। ঘুরে দাঁড়িয়ে পাওয়া দারুণ এই জয়ে পাল্টে গেছে শ্রীলঙ্কা দলের সাজঘরের আবহ। শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস মনে করেন প্রথম টেস্ট জয়ের অনুপ্রেরণা দ্বিতীয় ম্যাচেও এগিয়ে নেবে দলকে, ‘গত ছয় মাসের টানা ব্যর্থতার পর এখন বেশ ফুরফুরে অবস্থায় আছে দল। পাল্লেকেলের জয়ে পাওয়া বাড়তি আত্মবিশ্বাস ও বাড়তি শক্তি নিয়েই আমরা এই টেস্টটা খেলতে যাচ্ছি।’
এমনিতেই শ্রীলঙ্কায় স্পিনবান্ধব উইকেট। তার ওপর দ্বিতীয় টেস্টের ভেন্যু গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পাশেই ভারত মহাসাগর। মহাসমুদ্র থেকে ভেসে আসা হাওয়াও স্পিনারদের কাজটাকে আরও সহজ করে দেয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের মাথায় এটি ঘুরছে ভালোমতোই, ‘এখানে প্রবল বাতাস। তাই স্পিনে বলটা একটু বেশিই ভাসবে। আমার মনে হয়, এই পরিবেশে সফল হওয়ার উপায় খুঁজতে নিতে হবে ব্যাটসম্যানদের। ছেলেরা অবশ্য এই পরিবেশের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করছে।’
এশিয়ার মাটিতে টানা সাত টেস্টে হারা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা গলে শ্রীলঙ্কার স্পিনারদের বিপক্ষে কতটা কী করতে পারেন সেটিই দেখার।
আজ টেস্ট অভিষেক হচ্ছে অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার জন হল্যান্ডের। চোট নিয়ে দেশে ফিরে যাওয়া স্টিভ ও’কিফের জায়গা নিচ্ছেন ‘ডাচি’ নামে পরিচিত হল্যান্ড। শ্রীলঙ্কাও টেস্ট ক্যাপ দিতে পারে একজনকে। চোটের সঙ্গে লড়াই করা পেসার নুয়ান প্রদীপের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা বিশ্ব ফার্নান্ডো বা আসিতা ফার্নান্ডোর যেকোনো একজন। এএফপি, ক্রিকইনফো।