ম্যাথুসের অপয়া ৯১
ভুতুড়ে ব্যাপারই বটে! পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ছয়টি টেস্ট ইনিংসে তিনবার ৯১ রানে আউট অ্যাঞ্জেলো ম্যাথুস। ৯১ রানে পৌঁছালেই যেন কী হয়ে যাচ্ছে লঙ্কান অধিনায়কের, আউট হয়ে যাচ্ছেন। গত বছরের শেষ দিন থেকেই শুরু হয়েছে ব্যাপারটা। আবুধাবি টেস্টে সাঈদ আজমলের বলে স্টাম্পড হওয়ার পর শারজায় তৃতীয় টেস্টে আবার ৯১। এরপর ফিরতি সিরিজে কাল গলের এই ৯১। ম্যাথুস ছুঁয়ে ফেলেছেন সবচেয়ে বেশি ৯১ রানে আউট হওয়ার রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও অস্ট্রেলিয়ার মাইকেলও ক্লার্কও তিনবার ৯১ রানে আউট হয়েছেন। তবে ম্যাথুসের মতো মাত্র নয় মাসের ব্যবধানে নয়, প্রথম ও তৃতীয় ৯১ রানের মাঝে নয় বছরের ব্যবধান ছিল লারা-ক্লার্কদের।
বারবার ৯১ রানে আউট হওয়াটা দুর্ভাগ্য। আমিরাতের ওই সিরিজ থেকেই ম্যাথুসের ব্যাটে রানের ফোয়ারা। গত নয় মাসে খেলা ১৭ ইনিংসে ১০ বার পঞ্চাশ ছাড়িয়েছে শ্রীলঙ্কান অধিনায়কের ইনিংস। যার মধ্যে আছে তিনটি সেঞ্চুরিও। ৯১-এর ফাঁড়াটা না থাকলে যেটা হতে পারত ছয়। এই সময়ে খেলা ১০ টেস্টের ১৭ ইনিংসে ৯১.১৫ গড়ে ১১৮৫ রান ম্যাথুসের। অধিনায়কত্বই যেন বদলে দিয়েছে ম্যাথুসকে। অধিনায়ক হিসেবে ১২ টেস্টে তাঁর ব্যাটিং গড় ৮৫.২৬, অধিনায়ক হওয়ার আগে ৩১ টেস্টে যেটা ছিল ৩৯.৭১।