ম্যাথুসের হেরাথ-ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঙ্গনা হেরাথ
রঙ্গনা হেরাথ

গল টেস্টে ১০ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে দিয়েছেন একাই। মুত্তিয়া মুরালিধরন অবসর নেওয়ার পর থেকে শ্রীলঙ্কান বোলিং আক্রমণকে বটবৃক্ষের ছায়া দিয়ে যাচ্ছেন। টেস্টে অধিনায়কেরও প্রথম পছন্দ রঙ্গনা হেরাথ।
কিন্তু পারফরম্যান্সের সঙ্গে পাল্লা দিয়ে বয়সটাও তো বাড়ছে। নিজেই বলেছেন, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নিয়ে ভাববেন। তার মানে অবসর-ভাবনা পেয়ে বসেছে ৩৭ বছর বয়সী বাঁহাতি স্পিনারকে। নানাভাবেই এটি এখন আলোচনায় আসছে। তবে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসই শিগগিরই হারাতে চান না হেরাথকে। পরশু গল টেস্টটি জিতে উঠেই ম্যাথুস বললেন, ‘আমার বিশ্বাস, রঙ্গনা আরও কয়েক বছর খেলে যাবে। প্রশিক্ষকের অধীন কঠোর পরিশ্রম করছে ও, ওজনও কমিয়েছে অনেক।’
মুরালি-উত্তর যুগে দেশের মাটিতে ২০টি টেস্ট খেলে শ্রীলঙ্কা জিতেছে ৮ টেস্টে, ড্র হয়েছে ৫ টেস্ট। এই ২০ টেস্টে হেরাথ নিয়েছেন ১৩৬ উইকেট। শুধু পরিসংখ্যানে কি আর পুরো ছবি ফুটে ওঠে? ম্যাচ ঘুরিয়ে দেওয়া স্পেল কিংবা প্রতিপক্ষের আক্রমণের ঝড় সামলানো হেরাথের বোলিংকে বর্ণনা করার সাধ্যই যে নেই পরিসংখ্যানের।
ম্যাথুসের কাছেও হেরাথের পারফরম্যান্সটাই আসল, ‘ওর পারফরম্যান্সটাই দেখা উচিত, বয়স নয়। এটা বলার পরও মেনে নিতেই হচ্ছে, অন্য বোলারদেরও উঠে আসা উচিত। যদি রঙ্গনা যা অর্জন করেছে সেটা ওরাও করতে চায়, তাহলে কঠোর পরিশ্রমই করতে হবে।’
প্রশ্নটা এখানেই, ৩৭ বছর বয়সী হেরাথ অবসরে গেলে তাঁর জায়গা নেবেন কে? যাঁকে সবচেয়ে যোগ্য ভাবা হচ্ছে, সেই থারিন্ডু কৌশল গলের ধীর উইকেটে দুই ইনিংসে নিতে পেরেছেন মাত্র ১ উইকেট। সঙ্গে যোগ হয়েছে তাঁর দুসরার ওপর নিষেধাজ্ঞা। যদিও লঙ্কান অধিনায়কের আশা, শুধু অফ স্পিন দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করার সামর্থ্য থারিন্ডুর আছে, ‘স্পিন কোচ পিয়াল বিজেতুঙ্গের সঙ্গে বেশ পরিশ্রম করছে ও। আমরা চাচ্ছি ও যেন অফ স্পিনগুলো ঠিক জায়গায় রাখে, তাহলেই দুসরার চেয়েও বেশি উইকেট পাবে। ও সেটা ভালোভাবে করতে পারেনি। তবে ও আরও উন্নতি করবে।’
সাঙ্গাকারা-জয়াবর্ধনের অবসরের পর ব্যাটিংয়ের অনভিজ্ঞতাটাই ভোগাচ্ছে অনেক। এর মধ্যে হেরাথও অবসর নিলে উপমহাদেশীয় পিচেও স্পিনে নখদন্তহীন হয়েই থাকতে হবে শ্রীলঙ্কাকে। কৌশলের উন্নতিটা তাই হয়তো একটু বেশিই গুরুত্বপূর্ণ। ক্রিকইনফো।
টেস্টে রঙ্গনা হেরাথ
ম্যাচ উইকেট গড় সেরা ৫/১০
৬৪ ২৮৮ ২৯.৬৭ ৯/১২৭ ২৩/৫