ফাঙ্কের কাছেও যাচ্ছেন মুস্তাফিজ

সাপ্তাহিক ছুটির ফাঁদে পড়ে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আজ এ প্রতিবেদন লেখা পর্যন্তও তাই চূড়ান্ত হয়নি কোথায় হবে তাঁর কাঁধের অস্ত্রোপচার। তবে এটুকু জানা গেছে যে লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচারের পর মুস্তাফিজ এবার ইংল্যান্ডের আরেক বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর লেনার্ড ফাঙ্কেরও শরণাপন্ন হচ্ছেন।
মুস্তাফিজের বাঁ কাঁধের চোট সারাতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন কোচার। তবে বিসিবি চাইছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও দু-একজন বিশেষজ্ঞের মতামত নিতে। সে জন্যই গত সপ্তাহে মুস্তাফিজের সব রিপোর্ট পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়ার চিকিৎসক গ্রেগ হয় ও ম্যানচেস্টারের লেনার্ড ফাঙ্কের কাছে। কিন্তু মাঝখানে শনি-রোববার সাপ্তাহিক ছুটির দিন পড়ে যাওয়ায় বাংলাদেশ সময় আজ দুপুর পর্যন্তও তাঁদের কাছ থেকে কোনো মতামত পাওয়া যায়নি।
বিসিবির একটি সূত্র অবশ্য জানিয়েছে, রিপোর্ট পাঠানোর পাশাপাশি মুস্তাফিজ সরাসরিও দেখা করবেন ফাঙ্কের সঙ্গে। সে জন্য আজকালের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে এই কাঁধ বিশেষজ্ঞের। অ্যাপয়েন্টমেন্ট পেলে দ্রুতই ফাঙ্কের শরণাপন্ন হবেন বাংলাদেশ দলের এই বাঁহাতি পেসার। সেটা হতে পারে ম্যানচেস্টার বা ইংল্যান্ডেরই অন্য কোথাও।
গ্রেগ হয়ের মতামত চাওয়া হলেও অস্ত্রোপচার অস্ট্রেলিয়ায় হওয়ার সম্ভাবনা কম। কারণ, সে ক্ষেত্রে তাঁকে দেশে ফিরে তারপর অস্ট্রেলিয়া যেতে হবে। তাতে নষ্ট হবে সময়। অস্ত্রোপচার তাই ইংল্যান্ডে হওয়ারই সম্ভাবনা বেশি। এখন শুধু জানার অপেক্ষা—কে হবেন মুস্তাফিজের শরীরে প্রথম ছুরি চালানো শল্যবিদ? টনি কোচার, নাকি লেনার্ড ফাঙ্ক?
যিনিই হন, তাঁর দ্রুত ও পূর্ণ আরোগ্যই চাইছে বাংলাদেশের ক্রিকেট।