ম্যানেজারের দায়িত্বে থাকতে চান না মাহমুদ

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব আর পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন খালেদ মাহমুদ। গতকাল রোববার রাতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে পাঠানো এক ইমেইলে ‘পারিবারিক কারণে’ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন।
বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেছেন দায়িত্ব পালনে ‘অপারগতা’র কথা জানিয়ে বিসিবিকে মাহমুদের চিঠি দেওয়ার্ বিষয়টি। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান নাঈমুর রহমানকেও তাঁর সরে যাওয়ার কথা জানিয়েছেন এই সাবেক অলরাউন্ডার। জানতে চাওয়া হলে নাঈমুর এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে চাননি। তবে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা মাহমুদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন।
গতকাল প্রথম আলোতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, অন্যদের তুলনায় মাহমুদকে ম্যানেজার করাটা বিসিবির জন্য একটু বেশিই ব্যয়বহুল। বিসিবির একটি সূত্রের তথ্য, গত বছর ভারতের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ, এ বছরের বিশ্বকাপ এবং সর্বশেষ পাকিস্তান সিরিজের বেতন হিসেবে বিসিবি থেকে প্রায় ১২ লাখ টাকার মতো নিয়েছেন মাহমুদ। এর মধ্যে শুধু বিশ্বকাপের ম্যানেজার হিসেবেই নিয়েছেন প্রায় সাড়ে ৬ লাখ টাকা। এটা দৈনিক ভাতার বাইরে। বিশ্বকাপে দলের আর সবার মতো তিনিও দৈনিক ভাতা পেয়েছেন প্রায় ১৭৫ ডলার করে। হোম সিরিজে অঙ্কটা ৫০ ডলার।
অতীতে যতবারই জাতীয় দলের জন্য বেতনভুক্ত ম্যানেজার নেওয়া হয়েছে, মাসিক বেতন কখনোই এক লাখ টাকার বেশি হয়নি। কিন্তু মাহমুদের ক্ষেত্রে মাসিক বেতনের অঙ্কটা দাঁড়াচ্ছে ৩ লাখ ১৫ হাজার টাকা। কোনো সিরিজের সময় এক মাসের কম বা বেশি হলে বেতনের টাকাও সেভাবে বাড়ে-কমে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, বিসিবির পরিচালক বা নির্বাচকেরা এর আগেও অনেকবার জাতীয় পর্যায়ের বিভিন্ন দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। কিন্তু বেতন তো দূরের কথা, দৈনিক ভাতা ছাড়া কোনো ধরনের আর্থিক সুবিধাই তাঁদের দেওয়া হয়নি।
গতকাল প্রথম আলোর প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর সরে যাওয়ার সিদ্ধান্ত নেন মাহমুদ। তাঁর পদত্যাগ পত্র বিসিবি গ্রহণ করেছে কি না, তাঁর বদলে নতুন ম্যানেজার কে হবেন—এটি জানা যাবে শিগগিরই।