ম্যালান-শাহরিয়ারে শেষ চিটাগং

ওপেনার জশুয়া কব ফিরে গিয়ে বোধ হয় ভালোই করেছিলেন। দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন শাহরিয়ার নাফীস ও ডেভিড ম্যালান এবং তাঁদের রেকর্ড জুটিতেই বরিশাল বুলস জয়ের কাছাকাছি। দুই বল বাকি থাকতে চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয়টা শেষ পর্যন্ত ৭ উইকেটের। এখন পর্যন্ত চার ম্যাচের তিনটিতেই জিতল বরিশাল। চিটাগং ভাইকিংস সমান ম্যাচ খেলে হেরেছে তিনটিতেই।
সংবাদ সম্মেলনে কালও তাই ভগ্নহৃদয় তামিম ইকবালকেই পাওয়া গেল। চিটাগং অধিনায়ক আবারও হতাশা প্রকাশ করলেন ব্যাটসম্যানদের ব্যর্থতায়, ‘৮ ওভারে ৪০ রান, এর কোনো মানে হয় না। যে ওভারে আমি আউট হয়েছি, ওই ওভার থেকে শেষ ওভার পর্যন্ত আমাদের ৯টি উইকেট ছিল। এর মাঝখানে আমরা ৪০ রান (৪৭ রান) করেছি। এত ভালো ব্যাটিং লাইনআপের কাছে এটা প্রত্যাশা ছিল না। যতই ভালো খেলেন, যতই ভালো খেলোয়াড় আনেন; এভাবে খেলতে থাকলে বিপর্যয় থামানো সম্ভব না।’
১৩ ওভারে রান ছিল ১১৬। সেখান থেকে ২০ ওভার শেষে কোনো দল হাতে ৭ উইকেট রেখেও ১৬৩ রান করলে অধিনায়কের এ রকম হতাশই হওয়ার কথা। শুরু থেকে চিন্তা করলে তো ব্যাপারটা আরও অবিশ্বাস্য! তামিম নিজে করেছেন ৫১ বলে ৭৫, জহুরুল ইসলামের সঙ্গে ওপেনিংয়ে ১১৬ রানের জুটি। বরিশালের সামনে তারা বড় লক্ষ্য দেবে বলেই মনে হচ্ছিল তখন। কিন্তু আগের দুই দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যে রকম রানের ফোয়ারা ছুটেছে, তাতে ১৬৩ রানকে অন্তত বড় সংগ্রহ বলা যায় না।
বরিশালের ইংলিশ ওপেনার ডেভিড ম্যালান আর তিন নম্বরে নামা শাহরিয়ার নাফীস তা প্রমাণও করে দিলেন। দ্বিতীয় ওভারে শুভাশিস রায়ের বলে বোল্ড কব। এরপরই তাঁদের ১৫০ রানের রেকর্ড জুটি। বিপিএলে দ্বিতীয় উইকেট জুটিতে এত দিন সর্বোচ্চ রান ছিল ১৪৫, সিলেট রয়্যালসের বিপক্ষে দ্বিতীয় আসরে রেকর্ডটা গড়েছিলেন রংপুর রাইডার্সের ইমরুল কায়েস ও শামসুর রহমান। ম্যালান-শাহরিয়ার মিলে কাল সেটা ভেঙেই দলকে নিয়ে গেলেন জয়ের দ্বারপ্রান্তে। জয় থেকে ৭ রান দূরে থাকতে শাহরিয়ার আউট হয়ে গেলেও শেষ ওভারে দুই বাউন্ডারি মেরে চার বলের মধ্যেই কাজ সেরে ফেলেন অধিনায়ক মুশফিকুর রহিম।
শাহরিয়ার, মুশফিক দুজনই দারুণ খেলছেন বিপিএলে। চার ম্যাচে দুই ফিফটি মুশফিকের। কালকের চার বলে অপরাজিত ১০ রানেও ছিল আত্মবিশ্বাসের দ্যুতি। তবে দুজনের মধ্যে ব্যাটে বেশিই আলো ছড়াচ্ছেন শাহরিয়ার। ম্যালানের সঙ্গে ওই জুটিতে বিপিএলে নিজের তৃতীয় ফিফটি করে টুর্নামেন্টে এখন তাঁরই সবচেয়ে বেশি রান (১৮৪)।
ম্যালানের অবদান ভুলে গেলে অবশ্য অন্যায়ই হবে। বরিশাল বুলসের জয় সহজ করেছে তো তাঁর মারকাটারি ব্যাটিংই। ম্যালানের ৪৮ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস কতটা ঝোড়ো ছিল, সেটা চার-ছক্কার সংখ্যাতেই স্পষ্ট। বাউন্ডারি মাত্র তিনটি হলেও ছক্কা মেরেছেন সাতটি। এর মধ্যে ডোয়াইন স্মিথের করা ১৮তম ওভারেই পরপর তিনটি।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম ভাইকিংস: ২০ ওভারে ১৬৩/৩ (তামিম ৭৫, জহুরুল ৩৬, এনামুল ২৭*, স্মিথ ১৭; তাইজুল ০/১৬, আল আমিন ১/৩৫, হায়দার ১/৩১, এমরিট ০/৩১, কব ০/১৪, কামরুল ১/২১, ম্যালান ০/৮)। বরিশাল বুলস: ১৯.৪ ওভারে ১৬৭/৩ (কব ৬, ম্যালান ৭৮*, শাহরিয়ার ৬৫, থিসারা ০, মুশফিক ১০*; রাজ্জাক ০/২২, শুভাশিস ১/২৪, নবী ০/১৭, এলিয়ট ০/২৯, স্মিথ ০/৪০, ইমরান ২/৩০)।
ফল: বরিশাল বুলস ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড ম্যালান।
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৯৪/৫ (মারুফ ৬০, সাঙ্গাকারা ২০, নাসির ৪৩, বোপারা ৮, সাকিব ২৪, ব্রাভো ১৩*, প্রসন্ন ৬*; মাশরাফি ০/৩১, তানভীর ০/৩৬, আল আমিন ১/৭, নাবিল ০/৩২, রশিদ ৩/২৮, সাইফউদ্দিন ০/১৮, টেন ডেসকাট ১/৩৬)।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ১৬১/৯ (ইমরুল ১৯, জসিম ১০, শেহজাদ ১৫, নাজমুল ১৬, টেন ডেসকাট ৭, তানভীর ২০, রশিদ ২, আল আমিন ০, মাশরাফি ৪৭, সাইফউদ্দিন ১৮*, নাবিল ১*; সাকিব ০/৩৪, নাসির ১/২০, প্রসন্ন ২/১৫, মোসাদ্দেক ১/১৪, সানজামুল ১/১৩, শহীদ ৩/৩৪, ব্রাভো ০/১৭, বোপারা ১/১৩)।
ফল: ঢাকা ডায়নামাইটস ৩৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী মারুফ।