ম্যাড়মেড়ে ড্র সিলেটে
চার দিনের ম্যাচ। তিন দিনেও শেষ হয়নি দুই দলের প্রথম ইনিংস। নাটকীয় কিছু না হলে ফলের ঘরে ড্র-ই লেখা হওয়ার কথা। সিলেটে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বিসিবি উত্তরাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র-ই হলো। কাল শেষ দিনের নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক আগে ড্র মেনে নিয়েছে দুই দল।
দক্ষিণাঞ্চল দিন শুরু করেছিল ৪ উইকেটে ২৯৪ রান নিয়ে। আবদুর রাজ্জাকের দল অলআউট আরও ১৫৪ রান যোগ করে। এরপর উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে ২৫ ওভারে ২ উইকেটে ৬৯ রান তুলতেই ম্যাচের শেষ টানে দুই দল।
এর আগে দক্ষিণাঞ্চলের ওপেনার ফজলে রাব্বী পেয়ে যান প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সর্বোচ্চ ইনিংসের দেখা। ১২১ রান নিয়ে দিন শুরু করা রাব্বী ফিরেছেন ১৪৭ রানে তাইজুল ইসলামের চতুর্থ শিকার হয়ে। পাঁচটি পঞ্চাশোর্ধ্ব জুটির অংশীদার রাব্বীর ৩১১ বলের ইনিংসে চার ১৪টি, ছক্কা ৩টি। দক্ষিণের ইনিংসে কাল ফিফটি পেয়েছেন আরও দুজন—মোসাদ্দেক হোসেন ও জিয়াউর রহমান। ৬১ বলে ৫৪ রান মোসাদ্দেকের, জিয়া ৫৭ রান করেছেন ১১৩ বলে। এ ছাড়া ৩৫ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন শততম প্রথম শ্রেণির ম্যাচ খেলা অধিনায়ক রাজ্জাক। উত্তরের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ১৩৬ রানে নিয়েছেন ৫ উইকেট।
বিসিএলের দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ শুরু হবে ৪ ফেব্রুয়ারি। চট্টগ্রামে মধ্যাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। সিলেটে খেলবে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোর
উত্তরাঞ্চল: ৪৯২/৯ ডি. ও ২৫ ওভারে ৬৯/২ (জহুরুল ২৯, জুনায়েদ ২৯*; সোহাগ ১/২২, নাজমুল অপু ১/৩৬) । দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১২৯.২ ওভারে ৪৪৮ (ফজলে রাব্বী ১৪৭, জিয়া ৫৭, মোসাদ্দেক ৫৪, তুষার ৪৭, শাহরিয়ার ৪২, রাজ্জাক ৩৯*, মিঠুন ৩০; তাইজুল ৫/১৩৬, শফিউল ২/৮৫)।
ফল: ড্র।
ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম।