ময়দানি লড়াইয়ের আগে ডু প্লেসি-স্মিথের আরেক 'লড়াই'

>
- রাবাদার শাস্তি প্রত্যাহারের সমালোচনা করেছেন স্টিভেন স্মিথ
- স্মিথের সমালোচনা জবাব দিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডু প্লেসি
তাহলে কাগিসো রাবাদাকে ঘিরে ‘পুশগেট’ বিতর্কের এখানেই শেষ নয়?
পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনে স্টিভেন স্মিথকে আউট করে আনন্দের আতিশয্যে তাঁকে ধাক্কা মেরেছিলেন রাবাদা। কাজটি খেলাটির স্পিরিট ও আইনের পরিপন্থী হওয়ায় সিরিজের বাকি দুই টেস্টে নিষিদ্ধ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এ পেসার। কিন্তু প্রোটিয়ারা আপিল করলে আবারও শুনানিতে বসে রাবাদার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। অর্থাৎ আজ থেকে শুরু হতে যাওয়া কেপ টাউন টেস্টে রাবাদার মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়াকে।
স্টিভেন স্মিথ কিন্তু রাবাদার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আইসিসির এই সিদ্ধান্তের সমালোচনা করে অস্ট্রেলিয়া অধিনায়কের ভাষ্য, ‘ফুটেজে দেখে যেমন মনে হয়েছে ধাক্কাটা আসলে তার চেয়েও আরেকটু শক্ত ছিল।’ প্রোটিয়াদের আপিলের পর শুনানিতে স্মিথকে ডাকা হয়নি। ম্যাচ রেফারি জেফ ক্রো এ কাণ্ডে বেশ অবাক হয়েছেন অস্ট্রেলিয়ার এ অধিনায়ক। কারণ ধাক্কাটা তাঁকে মারা হয়েছে, এ কারণে স্মিথ মনে করেন শুনানিতে তাঁর বক্তব্যও গুরুত্বপূর্ণ।
‘অগ্রহণযোগ্য ও ইচ্ছাকৃতভাবে’ ধাক্কা দেওয়ায় রাবাদাকে প্রথমে শাস্তি দিয়েছিলেন ম্যাচ রেফারি। শুনানির পর সেই একই ব্যক্তি কীভাবে শাস্তি এড়িয়ে যান তা নিয়েও স্মিথের প্রশ্ন, ‘আইসিসি তো মানদন্ড বেঁধে দিয়েছে, তাই না? এটা পরিষ্কার যে ধাক্কা দেওয়া হয়েছিল। আমি অবশ্যই আমার বোলারদের বলব না যে, উইকেট নেওয়ার পর তাঁদের (ব্যাটসম্যান) জায়গায় যাও। এটা খেলার অংশ নয়।’
স্মিথের এই সমালোচনার জবাব দিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি, ‘অভিযোগটা তাঁর বিরুদ্ধে নয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ হলে হয়তো শুনানিতে ডাকা হতো। অভিযোগটা রাবাদার বিরুদ্ধে এবং সে নিজেকে বাঁচানোর লড়াই করেছে। বিচারকের দেখার বিষয় ছিল সে এটা ইচ্ছাকৃতভাবে করেছে কি না। নিরপেক্ষ মানুষদের মধ্যস্থতায় বসে দুই পক্ষের কথা শোনার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না।’
কেপ টাউন টেস্টে মুখোমুখি হওয়ার আগে দুই অধিনায়কের এই বাগযুদ্ধ কিন্তু ধুন্ধুমার লড়াইয়ের ইঙ্গিত। টেস্ট সিরিজে আপাতত ১-১ ব্যবধানে সমতায় দুই দল।