যত কাণ্ড উমর আকমলের
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে আগামী ১ জুন। পাকিস্তান এর প্রস্তুতিতে আজ বাংলাদেশের সঙ্গে নামবে অনুশীলনে। তবে মূল প্রতিযোগিতা বা অনুশীলন পর্বে পাকিস্তান দল যখন ঘাম ঝরাবে (ইংল্যান্ডের আবহাওয়া চিন্তা করে ঠান্ডায় কাঁপবে বলাটাই ভালো), ঠিক তখন উমর আকমল বাড়িতে বসে টিভিতে সে খেলা দেখবেন। কে জানে, টিভি না দেখে জিমেও যেতে পারেন!
ফিটনেস-পরীক্ষায় পাশ করতে না পারায় চ্যাম্পিয়নস ট্রফি না খেলে বাড়ি ফিরতে হয়েছে উমর আকমলকে। দল থেকে বাদ পড়া আকমলের জন্য নতুন কিছু নয়। নিশ্চিত করেই বলা যায়, এটিই শেষ নয়। অনেক উত্থান-পতন দেখেছে তাঁর ক্যারিয়ার। নানা কাণ্ডে খবরের শিরোনামও হয়েছেন অনেকবারই।

চমকে দিয়ে আবির্ভাব
২০০৯ সালে নিজের তৃতীয় ওয়ানডেতেই সবাইকে চমকে দিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৭২ বলে ১০২ রানের সে ইনিংসের পর ক্রিকেট-বোদ্ধারা ভবিষ্যদ্বাণী করেছিলেন— এ ছেলে বহুদূর যাবে। বিরাট কোহলির সঙ্গেই তুলনা শুরু হয়ে গিয়েছিল তাঁর। তখনো পর্যন্ত কোনো সেঞ্চুরি না পাওয়া কোহলি এখন অনেকের চোখেই বিশ্বের সেরা ব্যাটসম্যান, করেছেন ২৭টি ওয়ানডে সেঞ্চুরি। আর আকমল পূর্ণ সদস্য দেশের বিপক্ষে নিজের ‘প্রথম’ সেঞ্চুরিটিকে ‘দ্বিতীয়’ বানাতে পারেননি এখনো।
বিস্ময়-বালক
২০০৯ সালেরই ঘটনা। ডানেডিনে মাঠ থেকে আলাদা করা যায় না এমন এই পিচে কিউই পেসারদের আগুনে বোলিংয়ের সামনে দুই ইনিংসে করলেন ১২৯ ও ৭৫ রান। দুই ইনিংস মিলিয়ে আর মাত্র একটি ফিফটি ছিল পাকিস্তানের। ইনজামামের উত্তরসূরি, নতুন ইউনিস খান, কত উপাধিই না জুটেছিল!
ভাই বলে কথা
এটা ২০১০ সালের ঘটনা। দলে মাত্র স্থায়ী হচ্ছেন উমর। আর উল্টো দিকে উইকেটের পেছনে জঘন্য পারফরম্যান্সে দল থেকে বাদ পড়লেন বড় ভাই কামরান আকমল। উমর এ সময় একটা কাণ্ড করলেন। ভাইয়ের বাদ পড়ার ‘প্রতিবাদ’ জানালেন। ভান করলেন, হাতে চোট পেয়েছেন। দল থেকে সরে দাঁড়ালেন। লাভ হয়নি অবশ্য, ম্যাচটা ঠিকই খেলতে হয়েছিল সঙ্গে জুটেছিল ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা।
গ্লাভস বদলানোর শাস্তি
২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ঘটান আরেক কাণ্ড। দুই আম্পায়ার বারবার মানা করার পরও কিপিং গ্লাভস বদল করেছেন। ম্যাচ রেফারি ভালোভাবে নেননি এ ঘটনা, ম্যাচ ফির অর্ধেক জরিমানা জোটে তাঁর।
যায় না তাঁরে থামানো!
খেলার জন্য গাড়ি নিয়ে ঘোরা হয় না তেমন। তাই সুযোগ পেলেই একটু ‘বাঁধন ছাড়া’ হয়ে গাড়ি চালান। কিন্তু ‘বেরসিক’ পুলিশ সেটা মানবে কেন! মামলা খেলেন। কিন্তু ‘নামীদামি’ উমর সেটা মানবেন কেন? পুলিশের ওপরই হামলা চালালেন, ছিঁড়ে ফেললেন তাঁর ইউনিফর্ম। ২০১৪ সালে এ ঘটনায় ১২ ঘণ্টা হাজতে কাটাতে হয়েছিল তাঁকে।

‘নো পার্টি, নো লাইফ’
২০১৫ সালে কায়েদ-ই-আজম ট্রফির ম্যাচ খেলতে হায়দ্রাবাদ গিয়েছিলেন। একটা পার্টির নিমন্ত্রণ পেয়েই আর দেরি করেননি, চলে গেছেন সেখানে। কিন্তু বোর্ডের অনুমতি না নিয়ে এ কাজ করায় তাঁকে বাদই দিয়ে দেওয়া হলো সে ম্যাচ থেকে!
ভিন্ন উমর
২০১৬ সালে সুই নর্দার্ন গ্যাসের হয়ে খেলছিলেন উমর। দলটির জার্সিতে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের লোগো থাকার কথা। সবাই সেটা মেনে নিলেও উমর বলে কথা! ভিন্ন এক লোগো নিয়ে খেলতে নেমেছিলেন। এর শাস্তি হিসেবে পিসিবি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ দেয় তাঁকে। কিন্তু পাকিস্তান বোর্ড তো ! উমর আবেদন করতেই সে শাস্তি ঠিকই তুলে নিয়েছিল তারা।
‘তোমায় গান শোনাব’
গান শুনতে গিয়েছিলেন ফয়সালাবাদের এক আসরে। কিন্তু গান শুনতে গিয়ে মারামারি বাঁধিয়ে ফেললেন বন্ধুদের নিয়ে। গায়ক তাঁর পছন্দের গান দ্বিতীয়বার না গাওয়াতেই একটু উত্তেজিত হয়ে উঠেছিলেন। সংবাদমাধ্যম এ নিয়ে সমালোচনা করতেই উমরের হুংকার, ‘মাঠের পারফরম্যান্স নিয়েই পারলে কথা বলুক সবাই।’ আগের ৯ ইনিংসে যাঁর মোট রান ১৮৮, তাঁর জন্য এমন কথা বলা অবশ্য একটু বাড়াবাড়ি! সূত্র: ক্রিকইনফো